২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র উঁচিয়ে গুলি: বহিষ্কৃত সেই দুই ছাত্রলীগ নেতাকে রিমান্ডে পায়নি পুলিশ

গুলিস্থানে হকার উচ্ছেদের সময় অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণকারী ছাত্রলীগের বহিষ্কৃত দুই নেতাকে একটি মামলায় রিমান্ডে চেয়েও পায়নি পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2017, 11:00 PM

Updated : 11 Apr 2022, 11:00 PM

তারা হলেন সাব্বির হোসেন ও আশিকুর রহমান। সাব্বির ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। আশিক ছিলেন ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

সাড়ে তিন মাস আগে গুলিস্তান পাতাল মার্কেট এলাকায় হকার উচ্ছেদের সময় সিটি করপোরেশনের কর্মচারীদের সঙ্গে থাকা সাব্বির ও আশিকের গুলি ছোড়ার ছবি প্রকাশ পেলে তাদের বহিষ্কার করে ছাত্রলীগ।

তখন তাদের বিরুদ্ধে পল্টন থানায় একটি এবং শাহবাগ থানার আরেকটি মামলা করা হয়।

শাহবাগ থানার মামলায় দুজনের দুদিন আগে জামিন হয়েছিল। তবে তাদের মুক্তি আটকে ছিল পল্টন থানার মামলার কারণে।

এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চেয়ে বুধবার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই ওবায়দুর রহমান।

ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেন।

আরেক মহানগর হাকিম সত্যব্রত শিকদার রিমান্ড আবেদন নাকচ করে দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সাব্বির ও আশিকের পক্ষে জামিন না চাইলেও রিমান্ড আবেদন বাতিল চেয়ে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সাইদুর রহমান মানিক। 

শাহবাগ থানার মামলায় গত সোমবার এই দুই আসামির জামিনের শুনানি করে সফল হয়েছিলেন আওয়ামী লীগ সমর্থক এই আইনজীবী নেতা।

গত বছরের ২৭ অক্টোবর গুলিস্তান পাতাল মার্কেট এলাকার ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মচারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের মধ্যে গোলাপী ফুলহাতা শার্ট পরিহিত ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের তখনকার সাধারণ সম্পাদক সাব্বির রহমানকে রিভলবার উঁচিয়ে গুলি করতে দেখা যায়।

সাব্বিরের পাশে নীল টি-শার্ট পরা ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকের হাতেও দেখা যায় পিস্তল।

সংবাদপত্রে ছবি আসার পর ছাত্রলীগ তাদের বহিষ্কার করলে পুলিশও মামলা করে। আশিক-সাব্বির তখন আদালতে আত্মসমর্পণ করে প্রথমে জামিন পেলেও পরে তাদের কারাগারে পাঠানো হয়।

পুরনো খবর:

অস্ত্র উঁচিয়ে গুলি: বহিষ্কৃত সেই দুই ছাত্রলীগ নেতার জামিন