Published : 01 Apr 2018, 08:44 PM
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল-বিবিআইএন মোটরযান চলাচল চুক্তির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নেপালের পথে প্রথম বাস যাত্রায় ভারত, বাংলাদেশ ও নেপাল সরকারের প্রতিনিধিরা অংশ নেবেন।
“আগামী ২৩ তারিখ এটার ট্রায়াল রান হবে। এদিন দুটি বাস যাবে কাঠমান্ডু। তিন দেশের প্রতিনিধিরা সড়কপথে ঢাকা থেকে যাবেন। কাঠমান্ডু পৌঁছাবেন ২৬ তারিখ। ২৭ এপ্রিল সেখানে তিন দেশের প্রতিনিধি দলের বৈঠক হবে।”
ওই বৈঠকে বাস চলাচল নিয়ে সার্বিক বিষয় চূড়ান্ত হওয়ার কথা বলে জানান তিনি।
ঢাকা থেকে যাত্রা করে পঞ্চগড়ের বাংলাবান্ধা হয়ে ভারতের শিলিগুঁড়ি যাবে বাস, সেখান থেকে নেপালের কাকরভিটা হয়ে কাঠমান্ডু পৌঁছাবে।

“এটা ট্রায়াল রান- এজন্য আমরা দেখে, বিভিন্ন জায়গায় থেমে থেমে যাব। এজন্য দুই দিন সময় লাগবে। কমার্শিয়াল রান শুরু হলে ৩০ ঘণ্টার মতো সময় লাগবে।”
পরীক্ষামূলক যাত্রায় শ্যামলীএনআর পরিবহনের দুটি বাস যাবে বলে জানান তিনি।
কোন পরিবহন এই রুটে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন করবে তা এখনও ঠিক হয়নি জানিয়ে ফরিদ আহমদ বলেন, “পরীক্ষামূলক যাত্রার জন্য শ্যামলীএনআর পরিবহনের দুটি বাস নেব বলে আমরা ঠিক করেছি। ট্রায়াল রানের পর এটা ফিজিবল মনে হলে পরবর্তীতে এই রুটে কোন পরিবহনকে বাস পরিচালনার অনুমতি দেওয়া যায়, তা ঠিক করা হবে।”
গত ২৭ মার্চ কলকাতায় এ বিষয়ে একটি বৈঠক হয়। বাংলাদেশের একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা, নয়া দিল্লি ও কাঠমান্ডু থেকে দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ম্যানিলা থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সে ওই বৈঠকের আলোচনায় অংশ নেন। সেখান থেকেই আগামী ২৩ এপ্রিল ঢাকা-কাঠমান্ডু পরীক্ষামূলক বাস চলাচলের সিদ্ধান্ত হয়।
ভুটানের রাজধানী থিম্পুতে ২০১৫ সালের জুন মাসে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে মোটরযান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভুটানের সংসদের উচ্চকক্ষে এই চুক্তি এখনও অনুমোদিত না হওয়ায় আপাতত তাদের বাদ দিয়েই বাকি তিন দেশের মধ্যে সড়ক যোগাযোগ চালুর প্রক্রিয়া শুরু হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপাতত ভুটান থাকছে না। তারা হয়ত পরে যোগ দিতে পারে।
“গত সপ্তাহে কলকাতায় বৈঠকে বিআরটিসির চেয়ারম্যান ছিলেন। সেখানে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।”
এই বাস যাত্রায় ভারত ও নেপালের সরকারের প্রতিনিধি কারা থাকবেন সে তালিকা আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জানিয়েছে