১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে, গোসলে নেমে প্রাণ গেল মা-ছেলের

রায়ভোগ গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) ইউনুছ আলী ফরাজী জানান।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2026, 11:02 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

বরগুনা সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। 

বুধবার বিকালে উপজেলার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা এলাকার রায়ভোগ গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) ইউনুছ আলী ফরাজী জানান। 

নিহতরা হল- ওই গ্রামের মিরাজ হাওলাদারের স্ত্রী নুপুর (৩০) এবং তাদের দুই বছরের ছেলে শাহাদাৎ।

মিরাজ হাওলাদের ভাই সাইফুল হাওলাদার বলেন, মঙ্গলবার দমকা হাওয়ায় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে পড়েছিল। বিষয়টি পরিবারের কেউ জানত না। 

“ভাবী তার ছেলেকে নিয়ে পুকুরে নামামাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।” 

সাইফুল বলেন, লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার জন্য প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। 

স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান বলেন, “পুকুরে মা-ছেলেকে ভাসতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা লাশ দুটি উদ্ধার করে বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।” 

হাসপাতালের চিকিৎসক মাসুদুর রহমান বলেন, হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।