Published : 10 Jun 2026, 11:04 PM
নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আপিল ও ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তির জন্য হাই কোর্টে বিশেষ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজাকে নিয়ে এই বেঞ্চ গঠন করা হয়।
প্রধান বিচারপতির নির্দেশনাক্রমে বুধবার এই বিশেষ বেঞ্চ গঠনের তথ্য দিয়েছে সুপ্রিম কোর্ট।
সর্বোচ্চ আদালতের বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগামী ১৪ জুন সকাল সাড়ে ১০টা থেকে হাই কোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য এই বেঞ্চ গঠন করা হল। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা একত্রে এই ডিভিশন বেঞ্চে বসবেন।
“বেঞ্চে শুনানির জন্য অগ্রাধিকারভিত্তিতে শুধুমাত্র নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদণ্ডাদেশ কনফার্মেশনের রেফারেন্স এবং একই রায় থেকে উদ্ভূত সকল ফৌজদারি আপিল ও জেল আপিল শুনানি করা হবে।”
এছাড়া এ বেঞ্চে ওই রায় থেকে উদ্ভূত ফৌজদারি আপিল ও জেল আপিল মঞ্জুরির আবেদনপত্র, ফৌজদারি বিবিধ ও ফৌজদারি রিভিশন যদি থাকে এবং এসব বিষয় সংক্রান্ত রুল এবং আবেদনপত্র গ্রহণ ও শুনানি হবে।
গত রোববার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আপিল দ্রুত নিষ্পত্তিতে হাই কোর্টে বিশেষ বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতির এই উদ্যোগের ফলে আপিল নিষ্পত্তিতে বছরের পর বছর ধরে চলা মামলা বিলম্বের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।