২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালুকায় বিস্ফোরণে দগ্ধ হাফিজুরও চলে গেলেন

ময়মনসিংহের ভালুকায় বিস্ফোরণে দগ্ধ বিশ্ববিদ্যালয় ছাত্র হাফিজুর রহমানও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2018, 09:14 AM

Updated : 19 Aug 2022, 01:49 PM

চব্বিশ বছর বয়সী হাফিজুর গত ছয় দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল ফাঁড়ি পুলিশের এসআই বাচ্চু মিয়া জানান।

ভালুকার ওই বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে মোট তিনজনের মৃত্যু হল। হাফিজুরদের আরেক বন্ধু দীপ্ত সরকারও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।  

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, “হাফিজুরের শরীরের ৫৮ শতাংশ পুড়ে গিয়েছিল। আর দীপ্তর পুড়েছে ৫৪ শতাংশ; তার অবস্থাও ভালো নয়।”

নওগাঁ জেলার বিল্লাল হোসেনের ছেলে হাফিজুর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বস্ত্র প্রকৌশল বিভাগের শেষ বর্ষে পড়ছিলেন। স্কয়ার ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানায় ইন্টার্ন করতে তারা চার সহপাঠী মিলে গিয়েছিলেন ময়মনসিংহের ভালুকায়।

গত ১০ মার্চ তারা ওই কারখানার কাছে জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় আরএস টাওয়ার নামের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় বাসা ভাড়া নেন। ২৪ মার্চ রাতে ওই বাসায় ভয়াবহ বিস্ফোরণে হাফিজুরদের বন্ধু তাওহীদুল ইসলাম তপু ঘটনাস্থলেই মারা যান।

বাকি তিনজনকে দগ্ধ অবস্থায় ওই রাতেই ঢাকা মেডিকেলে পাঠানো হয়। বুধবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহীন মিয়া।

বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে এর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা পরে পরীক্ষা করে জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েই হতাহতের ওই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই ভবনে আগে থেকেই তিনটি সিলিন্ডার রাখা ছিল; এর বাইরে অবৈধভাবে গাস সংযোগ নেওয়া হয়েছিল। তৃতীয় তলার সিলেন্ডারটি সেদিন বিস্ফোরিত হয়।

ওই ভবনের মালিক ঝুট ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করেছে পুলিশ।