ভালুকায় বিস্ফোরণে দগ্ধ শাহীনের মৃত্যু
ময়মনসিংহের ভালুকায় জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় আরএস টাওয়ারে বিস্ফোরণে দগ্ধ শাহীন মিয়া মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয় বলে ভালুকা থানার ওসি মামুন অর রশিদ জানান।
২২ বছর বয়সী শাহীন মিয়া সিরাজগঞ্জের শাহবাগ উপজেলার সাতবাড়ি গ্রামের নুরুজ্জামান আকন্দের ছেলে এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
আর এস টাওয়ার নামের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় শনিবার রাতে বিস্ফোরণে তিনি দগ্ধ হন। চারদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
বিস্ফোরণে ওই বাসার কাচ, পার্টিশন ও দুটি দেয়াল চুরমার হয়ে যায়। তাওহীদুল ইসলাম তপু নামে ২৪ বছর বয়সী এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। শাহীনসহ দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠানো হয়।
হতাহতরা সবাই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী। একটি টেক্সটাইল মিলে ইন্টার্ন করতে তারা ভালুকায় এসে গত ১০ মার্চ আর এস টাওয়ারের তৃতীয় তলার ওই বাসা এক মাসের জন্য ভাড়া নেন।
আহত বাকিরা হলেন দীপ্ত সরকার ও হাফিজ।
বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে এর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও রোববার সকালে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা পরীক্ষা করে জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েই হতাহতের এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, ওই ভবনে আগে থেকেই তিনটি সিলিন্ডার রাখা ছিল; এর বাইরে অবৈধভাবে গাস সংযোগ নেওয়া হয়েছিল। তৃতীয় তলার সিলেন্ডারটি সেদিন বিস্ফোরিত হয়।
এ ঘটনায় রোববার রাতে ভালুকা থানার এসআই কাজল হোসেন বাদী হয়ে ভবনের মালিক ৫২ বছর বয়সী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করেন।
