২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাসের পায়ে পায়ে অদম্য যাত্রা

মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের স্মরণে স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাভারের জাতীয় স্মৃতি সৌধের পথে চলছে ‘শোক থেকে শক্তি’র মন্ত্রে উদ্দীপ্ত একদল অভিযাত্রীর অদম্য পদযাত্রা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 10:29 AM

Updated : 11 Oct 2022, 12:13 PM

মুক্তিযুদ্ধ জাদুঘরের সহায়তায় সোমবার ভোরে শুরু হওয়া এই পদযাত্রায় অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পঁচিশে মার্চের হত্যাযজ্ঞের স্মৃতিজড়িত বিভিন্ন বধ্যভূমি ও স্মৃতিপীঠ ঘুরে তারা সন্ধ্যায় পৌঁছাবেন জাতীয় স্মৃতিসৌধে।

পর্বতারোহীদের সংগঠন ‘অভিযাত্রী’ ২০১৩ সাল থেকে এই পদযাত্রার আয়োজন করে আসছে । ২০১৬ সালে এর সঙ্গে যুক্ত হয় মুক্তিযুদ্ধ জাদুঘর। গতবার থেকে কর্মসূচির অর্জিত অনুদান যাচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিলে।

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত দীর্ঘ এই পদযাত্রার পুরোটা পথ না হেঁটে প্রতীকীভাবে এক মাইল হেঁটে এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের সহায়তায় সাধ্য অনুযায়ী অনুদান দিতে পারে যে কেউ।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ভোর ৬টায় জাতীয় সংগীতের মাধ্যমে পদযাত্রার শুরু হয়। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে সেখানে ভারতেশ্বরী হোমস স্কুল, মানিকনগর মডেল হাই স্কুল, ঢাকা বিশ্ববিদ্যালয় টুরিস্ট সোসাইটি, বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব, বাংলাদেশ বার্ড ক্লাব, হিমু পরিবহন, ট্রাভেলেটস অব বাংলাদেশ-এর সদস্যরা প্রতিষ্ঠানিক ভাবে মিলিত হন এই যাত্রায়।

‘মুক্তির মন্দির সোপান তলে’, ‘এ মাটি নয় জঙ্গিবাদের’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’- গান গাইতে গাইতে পদযাত্রা এগোয় জগন্নাথ হল বধ্যভূমির দিকে।

এরপর ২৫ মার্চ কাল রাতের ভয়াল স্মৃতি বিজড়িত এই বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করে ভিসি চত্বরের স্মৃতি চিরন্তনের পাশ দিয়ে নীলক্ষেত হয়ে কাঁটাবন, সায়েন্স ল্যাব, পিলখানা, জিগাতলা হয়ে তাজউদ্দিন আহমেদ-এর স্মৃতিধন্য তদানীন্তন বাসভবনের সামনে হাঁটেন অংশগ্রহণকারীরা।

সেখানে তাদের সঙ্গে মিলিত হন বীর উত্তম কমল সিদ্দিকী। ছায়ানট, তক্ষশীলা বিদ্যালয় ও ব্রতচারী বিদ্যালয়ও যোগ দেয়।

মুক্তিযুদ্ধের আট নম্বর সেক্টরের যোদ্ধা কমাল সিদ্দিকী শোনান তার যুদ্ধ দিনের স্মৃতি। মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের বাংলার প্রতি ভালোবাসা আর অনমনীয় মনোভাবের কথা বলেন তিনি।

তাজউদ্দীন আহমেদের অনেক ‘গুরুত্বপূর্ণ’ ফাইল সংরক্ষিত না হওয়ায় হতাশা প্রকাশ করেন এই মুক্তিযোদ্ধা।

আট নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার কমল সিদ্দিকী ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জের পশ্চিমভাগে ও পরে মাগুরার দক্ষিণভাগে যুদ্ধ করেছেন। ১৫ ডিসেম্বর ভাটিয়াপাড়ায় সম্মুখ সমরে পাকিস্তানি বাহিনীর শেলে তিনি মাথায় আঘাত পান।

তিনি বলেন, “যুদ্ধের ক্ষত থেকে বড় আমার মনের ক্ষত। আমাদের দেশে মুক্তিযুদ্ধের এত অবমূল্যায়ন হয়েছে, যে বলতে হয়, আর কোনো কিছুর এত অবমূল্যায়ন হয়নি।”

কমল সিদ্দিকী বলেন, “মাঠের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, কতিপয় রাজাকার-আলবদর- আলশামস ছাড়া প্রতিটি মুক্তিকামী বাঙালির সহযোগিতা প্রতি মুহূর্তে প্রয়োজন ছিল। তাদের সহযোগিতা ছাড়া একাত্তরে ষোলই ডিসেম্বর দেখা হত না কোনোদিন। তাদের সেই অবদানের স্বীকৃতি কোথায়?”

পরে পদযাত্রীদল পৌঁছায় মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে। সেখানে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের পক্ষে স্মৃতিচারণ করেন শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে শাহীন রেজা নূর।

বাবার হারিয়ে যাওয়ার দিনটি স্মরণ করে তিনি পাকিস্তানের দোসর আলবদর, আলশামস বাহিনীর মানবতাবিরোধী অপরাধ এবং বুদ্ধিজীবী হত্যার নীলনকশা তৈরির কথা তরুণদের শোনান। শারীরিক শিক্ষা কলেজের কনসেনট্রেশন ক্যাম্পে কীভাবে স্বাধীনতার পক্ষের ব্যক্তিদের নির্যাতন করা হত, সে কথাও বলেন।

এই কলেজেই ধরে আনা হয়েছিল কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা রণদাপ্রসাদ সাহা ও তার ছেলে ভবানীপ্রসাদ সাহাকে। তাদের কথা স্মরণ করেন ভারতেশ্বরী হোমসের শিক্ষক এনা সুলতানা।

অভিযাত্রীদল রায়েরবাজার বধ্যভূমিতে পৌঁছায় সকাল ১০টা নাগাদ। সেখানে মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সন্তান আসিফ মুনীর।

রায়েরবাজার বদ্ধভূমিতে এসে শ্রাবন্তী বড়ুয়া নামের এক শিক্ষার্থী বলেন, “মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত স্থানগুলো ঘুরে এসেছি এই পদযাত্রায়। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বাঙালির অবর্ণনীয় দুর্ভোগের কিছুটা অনুভব করতে পারছি। কিন্তু তাদের যে ত্যাগ, তিতিক্ষা এটা কখনও ভুলব না। তাদের জন্যই তো আজ আমরা বাংলাদেশ পেয়েছি।”

স্বাধীনতা দিবসের এই পদযাত্রায় এবারই প্রথম অংশ নেন সাংবাদিক অনন্যা গোস্বামী।

তিনি বলেন, “শহীদ মিনার থেকে স্মৃতিসৌধ, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের ধারাক্রম যেন উঠে আসছে চোখের সামনে। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে, যেন ইতিহাসের নানা অধ্যায় পেরিয়ে চলেছি।”

পরে সেখানে পুষ্পিত ভালোবাসা অর্পণ করে মোহাম্মদপুর হয়ে মিরপুর মাজার রোডে পৌঁছায় অভিযাত্রী দল। ইউসেপ ও উদীচী শিল্পীগোষ্ঠির সংগীতের মাধ্যমে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে অভিযাত্রী দল যায় দিয়াবাড়ি ঘাট।

সেখান থেকে নৌকায় তুরাগ নদী অতিক্রম করে দুপুর নাগাদ তারা পৌঁছান সাদুল্ল্যাপুরের শতবর্ষী বটমূলে। সেখানে সহস্র লাল গোলাপের সারি আর বেগুনবাড়ি স্কুলের ছাত্র-শিক্ষকের মিলিত ভালোবাসায় সিক্ত হয়ে পদযাত্রা আকরাইনে পৌঁছায় দুপুর ২টার পর।

আকরাইন উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধিরা সেখানে পদযাত্রায় যাগ দেয়। দুপুরে কিছুটা সময় বিরতির পর অভিযাত্রী দল ছুটে যাবে কলমা গ্রামের দিকে। পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিকামী বাঙালির সম্মুখযুদ্ধের স্মৃতিচারণ করেন কলমা গ্রামের বাসিন্দারা।

পদযাত্রীদল চলতে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে। বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগে ডেইরি ফার্ম গেটে শহীদ টিটোর সমাধির পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করে পদযাত্রা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবে বিকেল ৪টায়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, হিমু পরিবহন সাভার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অভিযাত্রীদের সঙ্গে নিয়ে দলটি চলে যাবে ক্যাম্পাসের অপর প্রান্তের স্কুল গেটে। ওই পথে গোকুলনগর গ্রামের পথ ধরে চলতে চলতে দৃষ্টিপথে জেগে উঠবে জাতীয় স্মৃতিসৌধ।

আয়োজকরা জানান, এবারই প্রথম ঢাকার বাইরে মেহেরপুর জেলায় অদম্য পদযাত্রার আয়োজন করেছেন তারা। সকালে মেহেরপুরের গণকবরে (স্মৃতিসৌধ) শ্রদ্ধা জানিয়ে পদযাত্রা শুরু হয়। মুজিবনগর সড়ক ধরে প্রায় পনের কিলোমিটার পথ অতিক্রম করে পদযাত্রীদল পৌঁছায় মুজিবনগর স্মৃতিসৌধে।

মেহেরপুর শিল্পকলা একাডেমি, অরণী থিয়েটার, আমঝুপি মিলেনিয়াম, হিমু পরিবহন কুষ্টিয়া এই পদযাত্রায় অংশগ্রহণ নেয়। রোটারি ক্লাব অব কুষ্টিয়া যোগ দেয় মুজিবনগর স্মৃতিসৌধে।