২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের উপদেষ্টার সাক্ষাৎ

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ মিয়ানমারের উপর চাপপ্রয়োগ করে যাবে বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2018, 02:57 PM

Updated : 08 Apr 2022, 06:03 PM

মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে জাতিসংঘ মহাসচিবের গণহত্যা প্রতিরোধ বিষয়ক উপদেষ্টা অ্যাডাম ডায়িংয়ের সঙ্গে সাক্ষাতের পর একথা বলেন তিনি।

ঘণ্টাখানেক আলোচনার পর আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, এই একঘণ্টা রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। অ্যাডাম বলেছেন, পৃথিবী এখন এই সমস্যার ব্যাপারে চোখ বন্ধ করে রাখতে পারবে না। জাতিসংঘ চেষ্টা করবে সকলে মিলে যেন এই রোহিঙ্গা বিষয় নিয়ে চাপ সৃষ্টি করে সমস্যার সমাধান করা যায়।

“চাপ সৃষ্টি করার জন্য যা কিছু করার তা জাতিসংঘ করবে বলে অ্যাডাম আমাকে জানিয়েছেন।”

আনিসুল বলেন, “আমি রোহিঙ্গা বিষয়ে সব সরকারের অবস্থান তুলে ধরেছি। এই সমস্যা যে শান্তিপূর্ণ সমাধান চাই তা বলেছি।”

রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের মনোভাবের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “অ্যাডাম বলেছেন আজকের যে অ্যাটিচ্যুডস এবং আমরা দুজনই এগ্রি করেছি.... আজকে যে অ্যাটিচ্যুডস এবং আগের যে অবস্থান সেটা থেকে খুব একটা যে পরিবর্তন হয়েছে বলে তিনি মনে করেন না।”

কয়েক ঘণ্টা পর সংবাদ সম্মেলনে বিস্তারিত বলা হবে বলে জানান তিনি।