জুনের মধ্যে ঠিক হবে সড়কের খানাখন্দ: সচিব
গতবছর অতি বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত মহাসড়কগুলোতে এখন মেরামতের কাজ চলছে জানিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম বলছেন, আগামী জুন মাসের মধ্যে সব সড়কের খানাখন্দ ঠিক হয়ে যাবে।
রোজার ঈদ সামনে রেখে মহাসড়কের রক্ষণাবেক্ষণে নেওয়া কর্মসূচির ৪০ শতাংশ ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে বলে সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি।
সচিব বলেন, “এপ্রিলের মধ্যে কাজটা চোখে পড়ার মত হবে, জুনের মধ্যে উল্লেখযোগ্য সাফল্য আসবে।”
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন রোজার ঈদ হতে পারে। ঈদযাত্রার মওসুমে যাতে সড়কে কোনো ভোগান্তি না হয়, সেজন্য মেরামতের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান সচিব।
তিনি বলেন, “আমরা বলতে চাচ্ছি, আমাদের কর্মযজ্ঞ চলছে। পত্রপত্রিকায় বলা হচ্ছে রাস্তার এই (বাজে) অবস্থা… এই অবস্থার উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান হবে, সকলের চোখে এটা পড়বে। রাস্তার খানাখন্দ, জুনের মধ্যে এগুলোর মেরামত দৃশ্যমান হবে।”
সচিব জানান, দেশে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) আওতাধীন ৮৭৬টি মহাসড়ক আছে। এর মধ্যে ৯৬টি জাতীয়, ১২৬টি আঞ্চলিক এবং ৬৫৪টি জেলা মহাসড়ক।
গত বর্ষা মৌসুমে ২২টি জেলার ৬২টি স্থানে ৪ দশমিক ৯২ কিলোমিটার মহাসড়ক বিলীন হয়ে যায় এবং ৭৫টি স্থানে ৬৭ দশমিক ২০ কিলোমিটার মহাসড়ক পানিতে তলিয়ে যায়।
এছাড়া তিন পার্বত্য জেলায় ২৫১টি স্থানে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে; বন্যায় ৫ হাজার ১১৫ কিলোমিটার মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয় বলে তথ্য দেন নজরুল।
তিনি বলেন, চলতি অর্থ বছরে মহাসড়ক রক্ষণাবেক্ষণ খাতে এক হাজার ৭০৪ কোটি ৪৮ লাখ টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সড়ক ও জনপথ অধিদপ্তরের অনুকূলে ১৩ হাজার ৭০ কোটি ৯৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
“সড়ক স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, যার অধিকাংশ কাজ চলমান। মন্ত্রণালয়ের ২৩টি টিমের মাধ্যমে এ কার্যক্রম তদারকি করা হচ্ছে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চারলেইনে উন্নীত করার কাজ ৬১ শতাংশ শেষ হয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী ও কর্মকর্তারা দুর্নীতির সঙ্গে জড়িত বলে দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নজরুল বলেন, “রোববার দুদকের রিপোর্ট আমার হাতে এসেছে। দেখে শুনে ব্যবস্থা নেব। দুদক সুনির্দিষ্ট করে কোনো ইঞ্জিনিয়ারের নাম বলেনি, কোথায় এমন ঘটনা ঘটেছে তাও বলেনি, তবে তাদের কথার যৌক্তিকতা আছে।”
জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টি এবং আগাম বন্যার বিষয়টি মাথায় রেখে সড়ক-মহাসড়ক নির্মাণ ও মেরামত করা হচ্ছে কি না- এমন প্রশ্নে সচিব বলেন, তারা নকশায় পরিবর্তন আনছেন।
রাজনৈতিক বিবেচনায় ঠিকাদার নিয়োগের কারণে তাড়াতাড়ি সড়ক নষ্ট হয়ে যায়- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সচিব দাবি করেন, তিনি গত অক্টোবরে এ দায়িত্বে আসার পর থেকে কোনো রাজনৈতিক তদবির পাননি।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান সংবাদ সম্মেলনে বলেন, “এ ধরনের (রাজনৈতিক বিবেচনায় ঠিকাদার নিয়োগ) কোনো রিপোর্ট আমাদের কাছে নেই। ঠিকাদারের কোনো চরিত্র আমাদের জানা নেই, ঠিকাদার ঠিকাদারই।
“কে কোন দল করে, কোন দল সমর্থন করে এ বিষয়টা আমরা বিবেচনায় নেই না এবং ঠিকাদার নির্বাচনের ক্ষেত্রে সেটা বিবেচ্য বিষয়ও নয়।”
১০০ কোটি টাকার নিচে সব টেন্ডার এখন অনলাইনে করা হয় জানিয়ে সওজের প্রধান প্রকৌশলী বলেন, অধিকাংশ কাজ দরপত্র ছাড়াই করা হয় বলে যে অভিযোগ করা হয় তা ‘অসত্য’। বড় কাজগুলো ক্রয় কমিটির মাধ্যমে করা হয়।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি এ বিভাগের অধীন বিভিন্ন সংস্থার প্রধানরাও সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন।
