২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পীর তুলিতে সরকারের সাফল্যগাথা

রঙতুলির পোঁচে উঠে এল ইতিহাসের ধারাক্রম, বিমূর্ত হল বাংলা-বাঙালির ঐতিহ্যের গল্প; কোনো ক্যানভাসে উঠে এল বাঙালির অধিকার আদায়ের দৃপ্ত শপথ আর লড়াইয়ের গল্প।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2018, 07:46 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

বাংলা ও বাঙালির এই ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় সরকারের সাফল্যের গল্প এঁকে গেলেন একদল শিল্পী। সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড, উন্নয়নের রূপকল্পের কথা তারা এঁকে গেলেন ক্যানভাসে।

‘রঙ ও রেখায় সরকারের সাফল্য’ শীর্ষক এক আর্ট ক্যাম্পে যোগ দিয়েছিলেন চারুকলার সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী ও সারা দেশের শিল্পীরা।

Image
বর্তমান সরকারের সাফল্য উদযাপনে রোবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘রং ও রেখায় বাংলাদেশের সাফল্য’ শীর্ষক আর্ট ক্যাম্পের আয়োজন করেন চারু শিল্পীরা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

বর্তমান সরকারের সাফল্য উদযাপনে রোবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘রং ও রেখায় বাংলাদেশের সাফল্য’ শীর্ষক আর্ট ক্যাম্পের আয়োজন করেন চারু শিল্পীরা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

রোববার সকাল ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাট এলাকায় শুরু হয় এই আর্ট ক্যাম্প।  এতে যোগ দেন ভাস্কর-শিল্পী হামিদুজ্জামান খান, অলোকেশ ঘোষ, সমরজিৎ রায় চৌধুরী, নাজমা আক্তার, সুলতানুল ইসলামের মতো শিল্পীরা। 

যোগ দেন রাজধানীর দুটি আর্ট গ্যালারির অন্যতম পরিচালক আফরোজা জামিল কঙ্কা, শামিম সুব্রানা। ছিলেন হিমিকা, উর্মি রায় ও ফাহমিদা আক্তারের মতো নবীন শিল্পীরাও।

অ্যাক্রেলিক ক্যানভাসে বাংলা, বাঙালির গল্প আঁকতে আঁকতে হামিদুজ্জামান খান বলেন, “শিল্পের জায়গা থেকে বলি, এখন এক মুক্ত পরিবেশে আমরা ছবি আঁকতে পারছি। শিল্পীর জন্য যে মুক্ত মনের পরিবেশটি দরকার সেটি পাচ্ছি আমরা। দেশ ভালোভাবেই চলছে।  সরকারও উন্নয়নমুখী নানা পরিকল্পনার বাস্তবায়ন করছে। আমরা সে গল্পই ক্যানভাসে আঁকছি।”

Image
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে রোববার ‘রং ও রেখায় বাংলাদেশের সাফল্য’ শীর্ষক আর্ট ক্যাম্পে শিল্পীর ক্যানভাস। ছবি: আব্দুল্লাহ আল মমীন

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে রোববার ‘রং ও রেখায় বাংলাদেশের সাফল্য’ শীর্ষক আর্ট ক্যাম্পে শিল্পীর ক্যানভাস। ছবি: আব্দুল্লাহ আল মমীন

অলোকেশ ঘোষ বলেন, “সরকারের নানা উন্নয়ন পরিকল্পনার অংশীদার তো আমরা শিল্পীরাও। শুধু কি সরকারের সাফল্য আঁকছি, এখানে নিজেদের অবদানের কথাও আমরা বলব।”

গ্যালারি কসমসের মতো অন্যতম পরিচালক আফরোজা জামিল কঙ্কা বলেন, “স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতায় যে লড়াইয়ের সূচনা হয়েছিল, বাঙালি সেই লড়াই এখনো লড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জীবনের ঝুঁকি নিয়ে দেশের নানা উন্নয়ন করে যাচ্ছেন। তার নেতৃত্বে সরকারের আমলেই রাজাকারদের বিচার হয়েছে, বিচার হয়েছে স্বাধীনতাবিরোধী রাজাকারদের। সরকারের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই।”

শামিম সুব্রানা বলেন, “ সরকার যদি সফল না হত, তাহলে আজকে নির্ভয়ে বসে আমরা ছবিই আঁকতে পারতাম না।”

Image
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে রোববার ‘রং ও রেখায় বাংলাদেশের সাফল্য’ শীর্ষক আর্ট ক্যাম্প পরিদর্শন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি: আব্দুল্লাহ আল মমীন

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে রোববার ‘রং ও রেখায় বাংলাদেশের সাফল্য’ শীর্ষক আর্ট ক্যাম্প পরিদর্শন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি: আব্দুল্লাহ আল মমীন

উর্মি রায় বলেন, “এ সরকারের আমলে অন্যতম অগ্রগতি হয়েছে বিদ্যুৎ খাতে। প্রত্যন্ত এলাকাতেও এখন বিদ্যুতের ছোঁয়া লেগেছে। আমি সেই সাফল্যের কথা ক্যানভাসে এঁকেছি।”

প্রকৃতির নানা অনুষঙ্গকে উপজীব্য করে ক্যানভাসে সরকারের সাফল্যগাঁথার গল্প আঁকছিলেন ফাহমিদা আক্তার।

তিনি বলেন, “প্রকৃতি, প্রকৃতির সজীবতার মাধ্যমে আমরা সরকারের সফলতার গল্প আঁকছি। এ সরকারের আমলে তরুণ প্রাণের সঞ্জীবনের কথা তুলে ধরছি আমি।”

Image
বর্তমান সরকারের সাফল্য উদযাপনে রোবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘রং ও রেখায় বাংলাদেশের সাফল্য’ শীর্ষক আর্ট ক্যাম্পের আয়োজন করেন চারু শিল্পীরা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

বর্তমান সরকারের সাফল্য উদযাপনে রোবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘রং ও রেখায় বাংলাদেশের সাফল্য’ শীর্ষক আর্ট ক্যাম্পের আয়োজন করেন চারু শিল্পীরা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর দাবি করেন, শিল্পীরা এখন ‘স্বাধীনভাবে’ ছবি আঁকা তথা শিল্প চর্চার পরিবেশ পাচ্ছেন।

“শিল্পীরা চিরদিন মানুষের পাশে থাকেন। তারা যদি জনবিচ্ছিন্ন হয়ে পড়েন, তবে দেশের শিল্পচর্চাও জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।”

নূর বলেন, “সরকারের সাফল্য, উন্নয়ন এখন মানুষের জীবনকে নানাভাবে স্পর্শ করছে। শিল্পীরাও রয়েছেন তাদের মধ্যে। রঙ, রেখায় আজকে সে গল্প তারা আঁকছেন।”

অর্ধশতাধিক শিল্পীর অংশগ্রহণে এই আর্ট ক্যাম্প চলে সন্ধ্যা পর্যন্ত।