গাজীপুর ও রংপুরে মহানগর পুলিশ দিতে সংসদে বিল
অন্যান্য সিটি করপোরেশন এলাকার মতো গাজীপুর ও রংপুরেও মহানগর পুলিশ দিতে দুটি আইনের খসড়া অনুমোদনের জন্য সংসদে তোলা হয়েছে।
রোববার ‘গাজীপুর মহানগরী পুলিশ বিল-২০১৮’ এবং ‘রংপুর মহানগরী পুলিশ বিল-২০১৮’ পৃথকভাবে সংসদে উত্থাপন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বিলটি ১৫ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
২০১২ সালে সিটি করপোরেশনে উন্নীত হওয়া রংপুর নগরীর আয়তন ২০৩ বর্গ কিলোমিটার; জনসংখ্যা সাত লাখ ৯৫ হাজার।
আর ২০১৩ সালে সিটি করপোরেশন হওয়া গাজীপুরের প্রায় ৩৩০ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ২০ লাখ মানুষের বসবাস।
বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি উল্টোপথে গাড়ি চালালে, অননুমোদিত স্থানে গাড়ি রাখলে এবং অযথা যানবাহন দাঁড় করিয়ে জনগণের যাতায়াতে বিঘ্ন ঘটালে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া যাবে।
এছাড়া ফুটপাতে গাড়ি চালালে বা গাড়ি রাখলে এক থেকে দুই হাজার টাকা জরিমানা হবে।
নারীদের উত্ত্যক্ত করার অপরাধে প্রস্তাবিত আইনে দণ্ড নির্ধারণ করে দেওয়ার হয়েছে।
কোনো ব্যক্তি রাস্তা বা হাটবাজার, মেলা বা শপিংমলসহ সর্ব সাধারণের ব্যবহার্য কোনো স্থানে অথবা গৃহ অভ্যন্তরে বা ঘরের বাইরে কোনো নারীকে দেখিয়ে বা দেখানোর উদ্দেশ্যে নিজের অঙ্গ-প্রত্যঙ্গ প্রদর্শন করলে অথবা ইচ্ছাকৃতভাবে কোনো নারীর পথরোধ করলে বা তার শরীরের কোনো স্থান স্পর্শ করলে বা অশালীন বাক্য বা শব্দ বা মন্তব্য বা অঙ্গভঙ্গি করে তাকে উত্ত্যক্ত করলে এক বছরের কারদণ্ড, কমপক্ষে পাঁচ হাজার টাকা জরিমানা বা সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা করা যাবে।
