রাষ্ট্রপতি নির্বাচন: বুধবার ঘোষণা আসছে সিইসির
রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে বুধবার।
এদিন মনোনয়নপত্র পরীক্ষা শেষে নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এ ঘোষণা দেবেন বলে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন।
তিনি বলেন, “যেহেতু একটি মাত্র মনোনয়নপত্র জমা হয়েছে, তা পরীক্ষা শেষে নির্বাচনী কর্মকর্তা একক প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি পদে আইন-বিধি মোতাবেক মো. আবদুল হামিদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন।”
পরবর্তীতে গেজেট প্রকাশের আনুষঙ্গিক কাজ সারা হবে বলে জানান সচিব।
ইসির জনসংযোগ পরিচালক (যুগ্মসচিব) এস এম আসাদুজ্জামান জানান, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র পরীক্ষা শেষে বেলা সাড়ে ১২ টায় সংবাদ সম্মেলন হবে।
রাষ্ট্রপতি পদে পুননির্বাচিত হওয়ার পর আবদুল হামিদের সঙ্গে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার সাক্ষাতে যেতে পারেন।
বঙ্গভবনের সম্মতি পেলে বুধবারই এ সাক্ষাৎ হতে পারে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।
গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি, ১৮ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে।
তবে ৫ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিলের দিন একমাত্র আবদুল হামিদের মনোনয়নপত্রই জমা পড়ে। একক প্রার্থী হওয়ায় বুধবার মনোনয়নপত্র পরীক্ষা শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপ্রধানের পদে আসীন হতে যাচ্ছেন ৭৪ বছর বয়সী আবদুল হামিদ।
বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র ফেরার পর শুধু ১৯৯১ সালেই রাষ্ট্রপতি পদে নির্বাচন হয়েছিল। এরপর সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তবে টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন কেবল আবদুল হামিদই। আর মাত্র দুই বারই রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করা যায় বলে এটাই হবে তার শেষ মেয়াদ।
বাংলাদেশের একুশতম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন আবদুল হামিদ। স্বাধীনতার পর থেকে ১৯ মেয়াদে এ পর্যন্ত ১৬ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। সেই হিসাবে আবদুল হামিদ এই পদে সপ্তদশ ব্যক্তি।
২০১৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। এবার নির্বাচিত হওয়ার পর ২৩ এপ্রিল পুনরায় শপথ নিয়ে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেবেন।
পূর্ববর্তী রাষ্ট্রপতিরা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চ ১৯৭১ থেকে ১২ জানুয়ারি ১৯৭২; সৈয়দ নজরুল ইসলাম (ভারপ্রাপ্ত) ২৬ মার্চ ১৯৭১ থেকে ১০ জানুয়ারি ১৯৭২; আবু সাইদ চৌধুরী ১২ জানুয়ারি ১৯৭২ থেকে ২৪ ডিসেম্বর ১৯৭৩; মোহাম্মদ উল্লাহ ২৪ ডিসেম্বর ১৯৭৩ থেকে ২৫ জানুয়ারি ১৯৭৫; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ জানুয়ারি ১৯৭৫ থেকে ১৫ আগস্ট ১৯৭৫; খন্দকার মোশতাক আহমেদ ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ৬ নভেম্বর ১৯৭৫; এএসএম সায়েম ৬ নভেম্বর ১৯৭৫ থেকে ২১ এপ্রিল ১৯৭৬; জিয়াউর রহমান ২১ এপ্রিল ১৯৭৬ থেকে ৩০ মে ১৯৮১; আবদুস সাত্তার (ভারপ্রাপ্ত) ৩০ মে ১৯৮১ থেকে ২০ নভেম্বর ১৯৮১; আবদুস সাত্তার ২০ নভেম্বর ১৯৮১ থেকে ২৪ মার্চ ১৯৮২; এএফএম আহসান উদ্দিন চৌধুরী ২৭ মার্চ ১৯৮২ থেকে ১১ ডিসেম্বর ১৯৮৩; হুসেইন মুহম্মদ এরশাদ ১১ ডিসেম্বর ১৯৮৩ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০; সাহাবুদ্দিন আহাম্মদ (অস্থায়ী) ৬ ডিসেম্বর ১৯৯০ থেকে ৯ অক্টোবর ১৯৯১; আবদুর রহমান বিশ্বাস ৯ অক্টোবর ১৯৯১ থেকে ৯ অক্টোবর ১৯৯৬; সাহাবুদ্দিন আহাম্মদ ৯ অক্টোবর ১৯৯৬ থেকে ১৪ নভেম্বর ২০০১; একিউএম বদরুদ্দোজা চৌধুরী ১৪ নভেম্বর ২০০১ থেকে ২১ জুন ২০০২; মো. জমিরউদ্দিন সরকার (দায়িত্বপ্রাপ্ত)- ২১ জুন ২০০২ থেকে ৬সেপ্টেম্বর ২০০২; ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ৬ সেপ্টেম্বর ২০০২ থেকে ২০০৯; জিল্লুর রহমান ১২ ফেব্রুয়ারি ২০০৯ থেকে ২০ মার্চ ২০১৩।
