ঢাকায় দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩
রাজধানীর বনানী ও তুরাগ থানা এলাকায় পৃথক ঘটনায় দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. বোরহান উদ্দিন বলেন, এক তরুণী রোববার রাতে ধর্ষণের অভিযোগ এনে মামলা করার পর দুজনকে গ্রেপ্তার করা হয়।
ওই তরুণীর অভিযোগ, পূর্ব পরিচিত রাজিব জন্মদিনের কথা বলে শনিবার রাতে বনানী ডি ব্লকের ‘দি স্টার গেস্ট হাউজে’ তাকে ডেকে আনেন। পরে রাজিব ও রাজিবের বন্ধু রুবেল তাকে রাতভর ধর্ষণ করেন।
সোমবার ওই নারীকে ঢাকা মেডিকেল ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পাঠানো হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা বোরহান বলেন, রাজিব ও রুবেলকে পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
মধ্যবিত্ত পরিবারের ওই তরুণীর সঙ্গে মোবাইল ফোনে কথার সূত্রে রাজির পরিচয় হয় বলে পরিদর্শক বোরহান উদ্দিন এজাহারের উদ্ধৃতি দিয়ে জানান।
এদিকে তুরাগ থানার ওসি নুরুল মুত্তাকিন বলেন, শনিবার রাতে দেউর এলাকায় সতের বছর বয়সী এক কারখানার শ্রমিক ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেছেন।
এই তরুণী পুলিশকে বলেছেন, জাহিদুল তাকে তার বাসায় ডেকে নেওয়ার পর তিনি এবং সানজিদ ও আশিক নামে আরও দুজন তাকে ধর্ষণ করে।
জাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের পুলিশ হেফাজতে পেয়েছে তুরাগ থানা।
