সিদ্ধেশ্বরীর সেই রাস্তাটি সংস্কারের কাজ শুরু
এক স্কুলছাত্রের অনুরোধের পর রাজধানীর সিদ্ধেশ্বরীর আনারকলি মার্কেটসংলগ্ন পাশের রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরশন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়রের আশ্বাসের পর শনিবার সকালে সেখানে যায় ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা। নতুন সাকার মেশিন দিয়ে আবর্জনা পরিষ্কার করার পর রাস্তায় জমে থাকা পানি সরে গেছে।
সে সময় সেখানে স্কুলছাত্র দিব্যময় দাসসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
সেখানে আরও কাজ করতে হবে বলে জানিয়েছেন ডিএসসিসির উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম।
তিনি বলেন, “আমরা আপাতত ময়লা অপসারণ করে দিয়েছি। কিন্তু এখানে আরও কাজ করতে হবে। প্রধান সড়কে ওয়াসার ড্রেনেজ সিস্টেম ভেঙ্গে গেছে। সেটা মেরামত করলে সমস্যার স্থায়ী সমাধান হবে। আমরা এজন্য ওয়াসার সঙ্গে কথা বলছি।”
গত বুধবার (৩১ জানুয়ারি) আনারকলি মার্কেটের পাশে সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের কাছে শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্র দিব্যময় দাস জানায় প্রতিদিন আবর্জনা আর যানজট পেরিয়ে তার যাতায়াতের কষ্টের কথা।
অনুষ্ঠানমঞ্চের সামনে মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে দিব্যময় বলে, “মেয়র আঙ্কেল, ১৬ সিদ্ধেশ্বরী রাস্তায় সব সময় পানি জমে থাকে, সঙ্গে ময়লা আর যানজটে আমি স্কুলে যেতে পারি না। আজ আপনি আসবেন বলে রাস্তায় পানি নেই। আমার এই রাস্তা ঠিক করে দেবেন?”
দিব্যময়ের কথা শুনে মেয়র রাস্তাটি ঠিক করে দেওয়ার আশ্বা দিয়েছিলেন।
সমস্যাটি সমাধান করে দেওয়ায় মেয়রকে ধন্যবাদ জানিয়েছে দিব্যময় দাস।
