২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেয়র আঙ্কেল, আমার রাস্তা ঠিক করে দেবেন?’

বেহাল রাস্তার কারণে স্কুলে যাওয়া-আসায় কষ্টের কথা জানিয়ে তা ঠিক করে দেওয়ার আকুতি ঝরেছে ঢাকার এক ক্ষুদে শিক্ষার্থীর কণ্ঠে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2018, 07:29 PM

Updated : 11 Oct 2022, 12:04 PM

বুধবার রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের কাছে শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্র দিব্যময় দাস জানায় প্রতিদিন আবর্জনা আর যানজট পেরিয়ে তার যাতায়াতের কষ্টের কথা।

দিব্যময়ের কথা শুনে মেয়র রাস্তাটি ঠিক করে দেওয়া হবে বলে তাকে আশ্বস্ত করেন।

‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ নামের অনুষ্ঠানে মেয়র ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নানা নাগরিক সমস্যার কথা শুনে তা নিরসনে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নির্দেশনা দেন।

আনারকলি মার্কেটের পাশেই সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয়ের সামনের রাস্তায় সবসময় পানি জমে থাকে বলে শিক্ষার্থী দিব্যময় দাস অনুষ্ঠানে জানায়।

অনুষ্ঠানমঞ্চের সামনে মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে দিব্যময় বলে, “মেয়র আঙ্কেল, ১৬ সিদ্ধেশ্বরী রাস্তায় সব সময় পানি জমে থাকে, সঙ্গে ময়লা আর যানজটে আমি স্কুলে যেতে পারি না। আজ আপনি আসবেন বলে রাস্তায় পানি নেই। আমার এই রাস্তা ঠিক করে দেবেন?”

এ সময় মেয়র করপোরেশনের অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলামের কাছে জানতে চান কবে নাগাদ এ সড়কের জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে। অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জানান পরশু নাগাদ ঠিক করে দেওয়া যাবে।

এরপর মেয়র ওই শিক্ষার্থীকে উদ্দেশ্য করে বলেন, “রাস্তা পরশু ঠিক করে তোমার কাছে একটা ছবি পাঠিয়ে দেব।”

এই এলাকায় থাকা কোচিং সেন্টারগুলোর সামনে গাড়ির রাখায় যানজট হচ্ছে বলে অভিযোগ করেন মাহমুদুর রহমান নামের একজন।

তিনি বলেন, “কোচিং সেন্টারের গাড়ির কারণে রাস্তায় জ্যাম লেগে থাকে। চলাচল করতে পারি না। মার্কেটগুলোতে পার্কিংয়ের ব্যবস্থা নেই। সেকারণে গাড়িগুলো রাস্তায় থাকে। রাজউককে সঙ্গে নিয়ে পার্কিংয়ের ব্যবস্থা করেন।”

জলাবদ্ধতা, যানজট, মাদক, ছিনতাইসহ নানা সমস্যা মেয়রের কাছে তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা। বেশি অভিযোগ আসে জলাবদ্ধতা নিয়ে। এসব সমস্যা সমাধানে দ্রুত কাজ শুরু করতে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন মেয়র সাঈদ খোকন।

যানজটের কারণে রাজধানীর ৬০ থেকে ৭০ শতাংশ নাগরিক অসুখী বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “গৃহবিবাদের অন্যতম কারণ যানজট, এ কথা বিশেষজ্ঞদের সাথে কথা বলে জেনেছি। এই যানজট একদিনে কমিয়ে আনা সম্ভব নয়। আমরা কাজ করছি নিরসন করতে। তবে রাস্তা ভালো হয়ে গেলে কিছুটা যানজট কমবে। এছাড়া ১ ফেব্রুয়ারি থেকে ফুটপাত-রাস্তা দখলমুক্ত করব।”

সাঈদ খোকন জানান, তার দায়িত্ব নেওয়ার সময় নগরীর ৯০ শতাংশ রাস্তা বেহাল ছিল, এখন ৮৫ শতাংশ রাস্তা চলাচলের উপযোগী।

সব রাস্তা শতভাগ মেরামত করার আশ্বাস দেন তিনি।

১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুন্সী কামরুজ্জামান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ ডিএসসিসি এবং বিভিন্ন সেবাসংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।