২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু তহবিলের টাকা ফারমার্স ব্যাংকে কেন: সংসদীয় কমিটি

ঋণ কেলেঙ্কারি ও অব্যবস্থাপনা নিয়ে ধুকতে থাকা ফারমার্স ব্যাংকে জলবায়ু তহবিলের প্রায় ৫০৮ কোটি টাকা কেন রাখা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 07:54 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীরের মালিকানাধীন ফারমার্স ব্যাংক এই অর্থ ফেরত দিতে পারছে না বলে সম্প্রতি সংসদে জানিয়েছিলেন নতুন পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

আনোয়ার হোসেন মঞ্জুর কাছ থেকে এই মাসেই পরিবেশমন্ত্রীর দায়িত্ব নেন আনিসুল। এই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি পদে রয়েছেন শেখ হাসিনার গত সরকারের পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।

চাপের মুখে সম্প্রতি ফারমার্স ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব ছাড়া মহীউদ্দীন খান আলমগীর বর্তমান সংসদে সরকারি হিসাব কমিটির সভাপতি।

আনিসুল ইসলাম সংসদে প্রশ্নোত্তর পর্বে জানানোর পর মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ বলেন, “ফারমার্স ব্যাংকের মতো একটি ‘লো রেটিংয়ের’ ব্যাংকে ৫০০ কোটি টাকা কেন রাখা হল, কমিটি সে প্রশ্ন তুলেছে।”

দায়িত্ব নেওয়ার আগে নেওয়া এই সিদ্ধান্তের বিষয়ে আনিসুল ইসলাম সংসদে জানিয়েছিলেন, উচ্চ সুদের হার দেবে বলে ফারমার্স ব্যাংকে এই অর্থ রাখা হয়েছিল।

“ভবিষ্যতে শুধু সুদের হার না দেখে ব্যাংকের অবস্থা দেখে এই টাকা রাখার জন্য বলেছে কমিটি,” বলেন সংসদীয় কমিটির সভাপতি হাছান মাহমুদ।

চার বছর আগে যাত্রা শুরুর পর থেকে ঋণ বিতরণে নানা অনিয়মে ধুঁকছে ফারমার্স ব্যাংক। তারল্য সঙ্কটের কারণে তারা গ্রাহকের অর্থ ফেরত দিতে পারছে না। এতে আটকে গেছে পরিবেশ মন্ত্রণালয়ের অর্থ।

Image
ফারমার্স ব্যাংক এখন সঙ্কটে

ফারমার্স ব্যাংক এখন সঙ্কটে

গত ২৩ জানুয়ারি আনিসুল সংসদে আরও জানিয়েছিলেন, স্থায়ী আমানত হিসেবে রাখা ৫০৮ কোটি টাকা তুলতে অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংকেরও শরণাপন্ন হয়েছেন তারা।

মঙ্গলবার সংসদীয় কমিটিকে তহবিল কর্তৃপক্ষ বলেছে, ফারমার্স ব্যাংক আমানতের টাকা ফেরত দেবে বলে জানিয়েছে, তবে এজন্য ‘কিছু সময়’ চেয়েছে তারা।

হাছান মাহমুদ বলেন, জলবায়ু ট্রাস্ট ফান্ডের আমানত মোট ৩ হাজার ২০০ কোটি টাকা। এর মধ্যে ১ হাজার ১৯১ কোটি টাকা স্থায়ী আমানত। আমানতের বিপরীতে ৮৭১ কোটি টাকা সুদ পাওয়া গেছে। সুদের ৬৪৪ কোটি টাকা অব্যবহৃত আছে।

বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, জলবায়ু তহবিলের ১ হাজার ৩২১ কোটি টাকার বেশি জমা আছে রাষ্ট্রায়ত্ত পাঁচটি ব্যাংকে।

সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ বলেন, “যশোর রোডের গাছ কাটার সিদ্ধান্ত আপাতত বন্ধ আছে। ভবিষ্যতে এই সড়ক সম্প্রসারণের ক্ষেত্রে গাছগুলো না কেটে অন্যভাবে সড়ক সম্প্রসারণ কাজ করার জন্য বলেছে কমিটি।

“একইসঙ্গে অন্য যে কোনো সড়ক সম্প্রসারণের ক্ষেত্রে বিষয়টি বিবেচনায় রাখার সুপারিশ করা হয়েছে।”

বৈঠকে জানানো হয়, যশোর রোডের শতবর্ষী গাছ কাটার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্র নেওয়া হয়নি, ছাড়পত্রের আবেদনও করা হয়নি। কিন্তু পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী কোনো আঞ্চলিক, জাতীয় বা আন্তর্জাতিক সড়ক নির্মাণ, পুনর্নির্মাণ, সম্প্রসারণ প্রকল্প লাল শ্রেণিভুক্ত। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী এ ধরনের প্রকল্পের কাজ শুরু করার আগে পরিবেশগত সমীক্ষা ও পরিবেশগত প্রভাব সমীক্ষা প্রণয়নসহ অবস্থানগত ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক।

সুন্দরবনে বাঘের সংখ্যা নিয়েও সংসদীয় কমিটি উদ্বেগ প্রকাশ করেছে।

সর্বশেষ ২০১৫ সালের জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ১০৬। বাঘের সংখ্যা বাড়াতে কাজ করার জন্য একটি বিশেষজ্ঞ প্যানেল করার পরামর্শ দিয়েছে সংসদীয কমিটি।

হাছান মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ ও মো. ইয়াসিন আলী অংশ নেন।

পুরনো খবর:

ফারমার্স ব্যাংকে টাকা রেখে বিপত্তিতে পরিবেশ মন্ত্রণালয়