২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারমার্স ব্যাংকে টাকা রেখে বিপত্তিতে পরিবেশ মন্ত্রণালয়

ঋণ কেলেঙ্কারি ও অব্যবস্থাপনা নিয়ে চাপের মুখে থাকা ফারমার্স ব্যাংক জলবায়ু তহবিলের ৫০৮ কোটি টাকা রেখে এখন ফেরত পাচ্ছে না পরিবেশ ও বন মন্ত্রণালয়।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 08:54 PM

Updated : 19 Aug 2022, 01:27 PM

বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় কেন্দ্রীয় ব্যাংকেরও শরণাপন্ন হয়েছে বলে মঙ্গলবার সংসদে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের মালিকানাধীন ফারমার্স ব্যাংক নানা অনিয়মের কারণে যাত্রা শুরুর চার বছরেই ধুঁকছে।

চাপের মুখে সম্প্রতি ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব ছাড়েন মহীউদ্দীন খান আলমগীর। তিনি বর্তমান সংসদে সরকারি হিসাব কমিটির সভাপতি।

চার বছর পর মন্ত্রিসভায় রদবদলে এ মাসেই পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে আসেন জাতীয় পার্টির (এরশাদ) আনিসুল ইসলাম; তিনি জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জুর কাছ থেকে দায়িত্ব নেন। 

সিলেটের সংসদ সদস্য সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে আনিসুল ইসলাম বলেন, “সর্বোচ্চ সুদের হার প্রদান করায় ফারমার্স ব্যাংকের ঢাকার বিভিন্ন শাখায় জলবায়ু পরিবর্তন ফান্ডের মোট ৫০৮ কোটি ১৩ লাখ ২৯ হাজার টাকা এক বছর মেয়াদী স্থায়ী আমানত হিসাবে জমা রাখা হয়।

“তার মধ্যে ৪৫৫ কোটি ৩২ লাখ টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, যা নগদায়নের জন্য পত্র প্রেরণ করানো হয়েছে এবং কয়েকবার তাগিদপত্র ও ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। কিন্তু ব্যাংক থেকে জানানো হয়েছে যে, ব্যাংকের তারল্য সঙ্কটের কারণে এফডিআরসমূহ নগদায়ন করা যাচ্ছে না।”

তারল্য সঙ্কটে পড়ে বাংলাদেশ ব্যাংক থেকে ৩০০ কোটি টাকা আমানত চেয়ে চিঠি দিয়ে কোনো সাড়া পায়নি ব্যাংকটি। তবে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি রেপোর মাধ্যমে ৯৬ কোটি টাকার জোগান দিয়েছে ব্যাংকটিকে।

Image
ফারমার্স ব্যাংকের শাখা এখন ৫৪টি

ফারমার্স ব্যাংকের শাখা এখন ৫৪টি

ফারমার্স ব্যাংক নিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছে।

গত বছরের অক্টোবরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে দেওয়া এক প্রতিবেদনে ফারমার্স ব্যাংককে দেশের আর্থিক খাতের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।

সেখানে বলা হয়, ফারমার্স ব্যাংক সাধারণ আমানতকারী এবং বিভিন্ন ব্যাংক থেকে উচ্চ সুদে অর্থ নিয়ে চলছে। দায় পরিশোধের সক্ষমতাও নেই ব্যাংকটির। ফলে ব্যাংকটি সমগ্র আর্থিক খাতে ‘সিস্টেমেটিক রিস্ক’ সৃষ্টি করছে।

বেসরকারি ব্যাংকটিতে খেলাপি ঋণ প্রতিনিয়ত বাড়ছে। গত সেপ্টেম্বর পর্যন্ত হিসাবে ফারমার্স ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩৭৭ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৭ দশমিক ৪৫ শতাংশ।

গত মার্চ-জুন সময়ে ব্যাংকটি খেলাপি গ্রাহকদের কাছ থেকে মাত্র সাত কোটি টাকা আদায় করতে পেরেছে।

আওয়ামী লীগ সরকারের আমলেই ২০১৩ সালে ফারমার্স ব্যাংক অনুমোদন পায়। তখন মোট আটটি ব্যাংককে লাইসেন্স দেওয়া হয়েছিল, যা রাজনৈতিক বিবেচনায় ছিল বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্বীকার করেছিলেন।

পুরনো খবর:

ফারমার্স ব্যাংক থেকে মহীউদ্দীন আলমগীরের পদত্যাগ
ফারমার্স ব্যাংক ‘ঝুঁকিতে ফেলছে’ আর্থিক খাতকে
ফারমার্স ব্যাংক লুটপাটে প্রতিষ্ঠাতারা: মুহিত