২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের মামলায় জামিন নিলেন ফরহাদ মজহার-ফরিদা

মিথ্যা তথ্য দিয়ে মামলা করার অভিযোগে পুলিশের করা মামলায় হাই কোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আখতার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 10:17 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

তারা সোমবার জামিনের আবেদন নিয়ে আদালতে গেলে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃঞ্চা দেবনাথের বেঞ্চ তাদের আট সপ্তাহের আগাম জামিন দেয়।

এ দম্পতির জামিন আবেদনের পক্ষে শুনানি করেন মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম শুনানি করেন।

অ্যাডভোকেট আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকেই আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।”

গত বছরের ৩ জুলাই সকালে রাজধানীর শ্যামলীর বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন কবি-কলামনিস্ট ফরহাদ মজহার। তারপর সকালে থানায় মামলা করেন ফরিদা। তাতে তিনি বলেছিলেন, অর্থের দাবিতে তার স্বামীকে তুলে নেওয়া হয়েছে।

এনিয়ে সব মহলে তুমুল আলোচনার মধ্যে ১৮ ঘণ্টা পর গভীর রাতে নাটকীয়ভাবে যশোরে বাস থেকে ফরহাদ মজহারকে উদ্ধারের কথা জানায় পুলিশ।

তখন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেছিলেন, ফরহাদ মজহার নিজেই খুলনা গিয়েছিলেন। সরকারবিরোধী এই লেখক সরকারকে বিপাকে ফেলার উদ্দেশ্যে এই ‘নাটক’ সাজিয়েছিলেন।

তবে ফরহাদ মজহার পরিবার তার আগের বক্তব্যেই অটল থাকে।

ফরহাদ মজহারকে অপহরণের মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়ে পাল্টা মামলা করতে গত ৭ ডিসেম্বর আদালতের অনুমতি নেয় গোয়েন্দা পুলিশ।

ওই দিন বিকালে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আদাবর থানা এলাকার সংশ্লিষ্ট নন জিআর শাখায় এ প্রসিকিউশন মামলাটি ডাকযোগে পাঠান ডিবি পুলিশের পরিদর্শক মাহাবুবুল ইসলাম।

পরে ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলার তদন্ত কর্মকর্তাকে প্রসিকিউশন মামলা করার জন্য অনুমতি দিয়েছিলেন। পরে পুলিশের পক্ষ থেকে দণ্ডবিধি ২১১ ও ১০৯ ধারায় মামলা করা হয় মজহার দম্পতির বিরুদ্ধে।

পুরনো খবর:

ফরহাদ মজহার দম্পতির বিরুদ্ধে পুলিশের উল্টো মামলা
চাপ দিয়ে স্বীকারোক্তি নেওয়া হয়েছে: ফরহাদ মজহার
পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে নারাজি দেবেন মজহারপত্নী