২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ২৩০ কোটি টাকা গৃহকর বকেয়া

রাজধানীর দুই সিটি করপোরেশনের বাড়ির মালিকদের কাছে ২৩০ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার ২৯৭ টাকা গৃহকর বকেয়া আছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 07:48 PM

Updated : 08 Apr 2022, 05:49 PM

সোমবার সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ তথ্য জানান।

তবে কতটি বাড়ির কর তা জানাননি তিনি।

সরকারি দলের সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহর প্রশ্নে খন্দকার মোশাররফ বলেন, “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় হোলন্ডিং নম্বরযুক্ত ব্যক্তি মালিকানাধীন বাড়িগুলোর কাছে ৭৩ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ২৯৭ টাকা কর বকেয়া আছে। ঢাকা দক্ষিণে হোল্ডিং নম্বরবিহীন কোনো বাড়ি নেই।

“ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় হোল্ডিং নম্বরযুক্ত ব্যক্তি মালিকানাধীন বাড়িগুলোর কাছে আনুমানিক ১৫৭ কোটি টাকা কর বকেয়া আছে। ঢাকা উত্তরেও হোল্ডিং নম্বরবিহীন কোনো বাড়ি নেই।”

সরকারি দলের দিদারুল আলমের প্রশ্নে মন্ত্রী বলেন, “ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুইভাবে মশক নিধন করা হয়। প্রতিদিন প্রতিটি ওয়ার্ডভিত্তিক এলাকায় সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত লার্ভি সাইডিং করা হয়। বিকালে উড়ন্ত মশা নিধনের জন্য এডালটি সাইডিং করা হয়। এছাড়া মশক উৎপাদন বা প্রকোপ রোধ করার জন্য ঢাকা মশক নিবারণী দপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সমন্বয়ে যৌথভাবে জরুরিভিত্তিতে ক্র্যাশ প্রোগ্রাম গ্রহণ করা হয়।”

সরকারি দলের ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর এক সম্পূরক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় আমরা বিপদের মধ্যে পড়ে গেছি। এজন্য আমরা ভূগর্ভস্থ পানির ব্যবহার করতে পারছি না। সেচের জন্যও পারছি না, পানের জন্যও পারছি না। আমাদের ভূউপরিস্থ পানির ব্যবস্থা করতে হবে। এজন্য আমরা পুকুর খনন ও সংস্কারের উদ্যোগ নিয়েছি এবং এটা সারা দেশেই হবে।”

সরকারি দলের সাংসদ নুরুন্নবী চৌধুরীর প্রশ্নে সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, গত ৮ বছরে সারা দেশে ৫৩টি জেলার ১৭১টি উপজেলায় ৫৩২টি আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত ৩৮ হাজার ১০টি পরিবারের আবাসনের ব্যবস্থা করা হয়েছে।