২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা দিয়ে যাবে জাপান

বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে জাপান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 08:42 PM

Updated : 08 Apr 2022, 05:49 PM

রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা কেনতারো সোনোউরা এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে সাংবাদিকদের জানান, জাপানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।

জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে এমন আকাঙ্খা ব্যক্ত করেছেন বলে জানান তার দূত।

কেনতারো বলেন, মাতারবাড়িতে ১২০০ মেগাওযাট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্রটি বিদ্যুৎ খাতে দুই দেশের মধ্যে সহযোগিতার একটি প্রধান প্রকল্প।

তিনি এ সময় বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মরত জাপান এবং অন্য দেশের নাগরিকদের নিরাপত্তা বিধানে সরকারের নেওয়া পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে জাপানী বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য উন্নয়ন লক্ষ্য অর্জনে জাপানের সহায়তা বিশেষ কাজে লাগবে।

তিনি মাতারবাড়ির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহযোগিতার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, তৌফিক-ই-এলাহী চৌধুরী, মুখ্য সচিব নজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য উপদেষ্টা আবুল কালাম আজাদ এসময় উপস্থিত ছিলেন।