রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত শুরু করতে প্রধানমন্ত্রীর গুরুত্ব
বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকা রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানোর কাজ শুরুর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশে নবনিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে শেখ হাসিনা এ কথা বলেছেন।
সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন মিয়া সেপ্পো।
গতবছর ২৫ অগাস্ট রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর এ পর্যন্ত ছয় লাখ ৮৮ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের অধিকাংশই আছে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে।
তাদের ফেরত পাঠাতে গত ২৩ নভেম্বর মিয়ানমার ও বাংলাদেশ যে সম্মতিপত্রে সই করেছিল, সেখানে দুই মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার লক্ষ্য ঠিক করেছিল দুই দেশ। সেই দুই মাস সময় শেষ হয় মঙ্গলবার।
তবে রোহিঙ্গা পরিবারের তালিকা তৈরি ও যাচাইয়ের কাজ শেষ না হওয়ায় প্রাথমিক লক্ষ্য অনুযায়ী মঙ্গলবার থেকে তাদের ফেরত পাঠানো শুরু করা যায়নি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার কথা বলেছেন শেখ হাসিনা।
ছবি: পিআইডি
কক্সবাজারের কুতুপালংয়ে বিপুল সংখ্যক রোহিঙ্গা আশ্রয় নেওয়ায় স্থানীয় জনগণের সমস্যার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জাতিসংঘের আবাসিক সমন্বয়ককে বলেন, “এতে করে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।”
রোহিঙ্গাদের আবাসস্থল নির্মাণের জন্য ওই এলাকার বৃক্ষ নিধনের কথাও প্রধানমন্ত্রী এসময় উল্লেখ করেন।
এই সমস্যা সমাধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশের সরকারপ্রধান।
সাক্ষাতে রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাতিসংঘের সহায়তা অব্যাহত থাকার কথা বলেছেন মিয়া সেপ্পো।
রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণের জন্য শেখ হাসিনার প্রশংসা করেন তিনি।
জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তার বক্তৃতায় এই সমস্যা সমাধানে যে পাঁচ দফা প্রস্তাব দিয়েছিলেন, সেটাই রূপরেখা হতে পারে বলেও উল্লেখ করেন মিয়া সেপ্পো।
রোহিঙ্গা ক্যাম্পের ব্যবস্থাপনার প্রশংসাও করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান এসময় উপস্থিত ছিলেন।
