ব্যাংকে নিয়োগে সমন্বিত পরীক্ষার দাবিতে মানববন্ধন
সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ার পর বাকি পাঁচ ব্যাংকের পরীক্ষা স্থগিত করে সমন্বিতভাবে পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে সাধারণ পরীক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন হয়।
এর আগে সকালে শাহবাগের জাতীয় গণগ্রন্থগার থেকে কয়েকশ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে আসে।
সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মিলিত হয়ে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বেলা ১১টার দিকে মানববন্ধন করে। পরে ১২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্য আবারও মানববন্ধন করে তারা।
রাজু ভাস্কর্যে মানববন্ধনে শেষে বাংলাদেশ ব্যাংকার সিলেক্টশন কমিটির বরাবর স্মারকলিপি দিতে রওনা দেয় কয়েকজন শিক্ষার্থী।
এসময় তাদের হাতে ‘দাবি মোদের একটাই/ সমন্বিত পরীক্ষা চাই; ‘এক দফা এক দাবি, সমন্বিত পরীক্ষা নিতে হবে’, ‘সমন্বিত পরীক্ষা চাই’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
রোববার উচ্চ আদালতের আদেশে রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত হয়। বাকি পাঁচ ব্যাংকের পরীক্ষা আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার পদের পরীক্ষা নেওয়ার আলাদা আলাদা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।
কিন্তু এই নিয়োগ পরীক্ষা না নিয়ে গত বছরের ২৩ অগাস্ট বাংলাদেশ ব্যাংক ওই তিন ব্যাংকসহ আটটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক হাজার ৬৬৩টি সিনিয়র অফিসার (সাধারণ) শূন্য পদের জন্য দুই গুচ্ছে পরীক্ষা হবে জানিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়।
২০১৬ সালের বিজ্ঞপ্ততি অনুযায়ী পরীক্ষা না নিয়ে ২০১৭ সালে সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের সমন্বিত পরীক্ষার বিজ্ঞপ্তি নিয়ে উচ্চ আদালতে কয়েকজন রিট করলে ওই তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষা আটকে যায়।
মানববন্ধনে ব্যাংকে সমন্বিতভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে কার্যকরী বললেও আটটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে ওই তিনটি ও বাকি পাঁচটির আলাদা পরীক্ষার সমালোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাবিল সাদী।
তিনি বলেন, “ব্যাংকে সমন্বিতভাবে পরীক্ষা নেওয়ার একটি ফলপ্রসূ সিদ্ধান্ত ছিল বাংলাদেশ ব্যাংকের। এ মাধ্যমে সমন্বিতভাবে বড় নিয়োগ দেওয়া হবে, কমবে চাকরি নিয়োগ পরীক্ষা নিয়ে স্থবিরতা। আলাদা আলাদা পরীক্ষা হলে এক ব্যক্তি একাধিক পরীক্ষায় উত্তীর্ণ হয় বলে অন্যদের সুযোগ নষ্ট হয়।”
“আদালতের আদেশকে সম্মান করি, রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত করে... তবে এই তিন ব্যাংকসহ সমন্বিতভাবে না নিয়ে- কেন মাত্র বাকি পাঁচ ব্যাংকের পরীক্ষা নিতে হবে? হয় আটটি ব্যাংকের পরীক্ষা একসাথে নিতে হবে, না হয় তা স্থগিত করে আদালতের রিট নিষ্পত্তির মাধ্যমে দুই মাসের মধ্যে নিতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র বেলাল হোসাইন বলেন, বলেন, “স্থগিত তিন ব্যাংকেই ৯০০ এর অধিক পদ। আর সমন্বিত পরীক্ষা হলে নানা দিকে থেকে চাকরি প্রত্যাশীরা উপকৃত হবে। কিন্তু আলাদা পরীক্ষা হলে একই প্রার্থী দুইবার চান্স পাবে। ফলে অন্যরা বঞ্চিত হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্রী জলি রানী কর বলেন, “বিজ্ঞপ্তিতে সমন্বিতভাবে পরীক্ষা নেওয়া কথা ছিল। এতে শিক্ষার্থীরা একদিনে পরীক্ষা দিতে পারবে। ঢাকার বাইরে শিক্ষার্থীদের যাতায়াতের অসুবিধা হয়; এমনিতে আমরা বেকার, অভিভাবকের কাছে বোঝা; সেখানে পরীক্ষা দিতে আসতে দুই বা আড়াই হাজার টাকা লাগে।”
“আর নিয়োগ পরীক্ষা বিজ্ঞপ্তি সমন্বিত পরীক্ষা কথা নেওয়া থাকলেও খণ্ডিত আকারে পরীক্ষা কেন নেওয়া হবে। দাবি আদায়ে কঠোর আন্দোলনে নামব।”
