২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকে নিয়োগে সমন্বিত পরীক্ষার দাবি

উচ্চ আদালতের আদেশে রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ার পর বাকি পাঁচ ব্যাংকের পরীক্ষা স্থগিত করে সমন্বিতভাবে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল চাকরি প্রত্যাশী শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2018, 11:32 PM

Updated : 19 Aug 2022, 01:22 PM

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধন থেকে এ দাবি জানান শতাধিক শিক্ষার্থী।

তাদের হাতে ছিল ‘এক দফা এক দাবি, সমন্বিত পরীক্ষা নিতে হবে’,‘সমন্বিত পরীক্ষা চাই’ লেখা সম্বলিত ব্যানার।

রোববার উচ্চ আদালতের আদেশে রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত হয়। বাকি পাঁচ ব্যাংকের পরীক্ষা আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার পদের পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।

কিন্তু এই নিয়োগ পরীক্ষা না নিয়ে গত বছরের ২৩ অগাস্ট বাংলাদেশ ব্যাংক ওই তিন ব্যাংকসহ আটটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক হাজার ৬৬৩টি সিনিয়র অফিসার (সাধারণ) শূন্য পদের জন্য সমন্বিত নিয়োগ বিজ্ঞপ্তি দেয়।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাবিল সাদী বলেন, “আটটি ব্যাংকে সমন্বিতভাবে সিনিয়র নিয়োগ দেওয়ার কথা ছিল, কিন্তু আদালতের আদেশে রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত করার হয়। আর পাঁচটি ব্যাংকের পরীক্ষা ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। কিন্তু এটা কেন?

“হয় ১২ জানুয়ারি পরীক্ষা সমন্বিতভাবে নিতে হবে, না হয় পাঁচটি ব্যাংকের পরীক্ষাও স্থগিত করে পরে সমন্বিতভাবে নিতে হবে।”

তার যুক্তি, আলাদা আলাদা পরীক্ষা হলে এক ব্যক্তি একাধিক পরীক্ষায় উত্তীর্ণ হয় বলে অন্যদের সুযোগ নষ্ট হয়।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আল মাসুদ সজীব বলেন, “এ তিন ব্যাংকেই আছে ৯শ’র মতো পদ। সমন্বিত পরীক্ষা হলে অনেকেই একসঙ্গে চাকরি পাবে। কিন্তু আলাদা পরীক্ষা হলে একই প্রার্থী দুইবার চান্স পাবে। ফলে অন্যরা বঞ্চিত হবে।”

পুরনো খবর:

সোনালী রূপালী জনতার নিয়োগ পরীক্ষা স্থগিত