পলেন হত্যা: সেনা কর্মকর্তা নাজমুলকে বরখাস্তে রুল
ময়মনসিংহের গার্লস ক্যাডেট কলেজের ছাত্রী শার্মিলা শাহরিন পলেন হত্যার বিচারাধীন মামলার আসামি সেনা প্রশিক্ষণ পরিদপ্তরের ইষ্টবেঙ্গল জেনারেল স্টাফ অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হককে কেন সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।
প্রতিরক্ষা সচিব, সেনা সদর দপ্তরের অ্যাডজুট্যান্টসহ সাতজনকে ১০ কার্য দিবসের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালত এই আদেশ বিশেষ বার্তাবাহকের মাধ্যমে পাঠাতে নির্দেশ দিয়েছে।
পলেনের বাবা আবুল বাশার পাটোয়ারীর করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ ও এম সরোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
ফাওজিয়া করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাটি ময়মনসিংহের আদালতে বিচারধীন। সেখানে অভিযোগ গঠনও হয়েছে।
“কিন্তু অভিযোগ গঠনের পরও সেনা আইন অনুযায়ী লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত কেন করা হবে না, জানতে চেয়ে আদালত রুল জারি করেছে।”
“আশা করছি আগামী ১০ দিনের মধ্যে এ মামলায় পরবর্তী শুনানির জন্য আমরা প্রস্তুতি নিতে পারব,” বলেন তিনি।
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ছাত্রী হোস্টেল থেকে ২০০৫ সালের ১১ ফেব্রুয়ারি দ্বাদশ শ্রেণির ছাত্রী পলেনের লাশ উদ্ধার করা হয়।
ঘটনার দিনই ময়মনসিংহ কোতোয়ালি থানায় অপমৃত্যুর মামলা করেন কলেজের অধ্যক্ষ খাদেমুল ইসলাম।
তবে একই বছরের ১৯ ফেব্রুয়ারি পলেনের বাবা ময়মনসিংহ জেলা জজ আদালতে কারও নাম উল্লেখ না করে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা করেন।
আদালত তখন বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছিল। তার মধ্যে বাশার পাটোয়ারীও হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত পাঁচজনের নাম উল্লেখ করে সম্পূরক অভিযোগ দেন।
শার্মিলা শাহরিন পলেন
২০১৩ সালের ২২ মে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে ২০১৬ সালের ৩ মার্চ ময়মনসিংহের জজ আদালত তৎকালীন মেজর নাজমুল হকসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
অন্য চার অভিযুক্ত হলেন, ক্যাডেট কলেজের সহযোগী অধ্যাপক আবুল হোসেন, নন কমিশন্ড অফিসার মো. নওশেরুজ্জামান, হোস্টেলের আয়া হেনা বেগম ও মেজর মনির আহমেদ চৌধুরী।
পাঁচ আসামির মধ্যে নাজমুলসহ চারজন জামিনে রয়েছেন। মেজর মনির পলাতক।
মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে আসামিপক্ষ হাই কোর্টে আবেদন করলে ২০১৬ সালের ১ জুন পলেন হত্যা মামলার বিচার কাজ ৬ মাসের জন্য স্থগিত করে ও রুল জারি হয়।
রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৬ এপ্রিল সে আবেদন খারিজ করে রায় দেয় হাই কোর্ট। একইসঙ্গে মামলার বিচার কাজের উপর দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করে নেয়।
এ রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ আপিল বিভাগে গেলেও গত বছরের ৫ জুন তা খারিজ হয়ে যায়। একইসঙ্গে মামলার বিচার কাজের উপর দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়।
এরপর নাজমুল হককে সাময়িক বরখাস্ত করার জন্য সেনা সদর দপ্তরে আইনি নোটিস পাঠান পলেনের বাবা বাশার পটোয়ারী।
ওই নোটিসের পরও নাজমুল হককে চাকরিতে বহাল রাখায় রিট আবেদন নিয়ে হাই কোর্টে আসেন তিনি।
