২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাডেটছাত্রী পলেন হত্যামামলা চলবে

ময়মনসিংহের গার্লস ক্যাডেট কলেজের ছাত্রী শার্মিলা শাহরিন পলেন হত্যা মামলার বিচার কাজ চলার পক্ষে হাই কোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2017, 09:16 PM

Updated : 19 Aug 2022, 04:48 PM

সর্বোচ্চ আদালতের এই রায়ের ফলে নিম্ন আদালতে এ মামলাটির বিচার কাজ চলতে আইনগত কোনো বাধা থাকল না।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ সোমবার আপিলের অনুমতির আবেদন খারিজ করে হাই কোর্টের রায় বহাল রাখে।

একইসঙ্গে হাই কোর্টের রায়ের উপর দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।

আদালতে আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। পলেনের বাবা আবুল বাশার পাটোয়ারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ছাত্রী হোস্টেল থেকে ২০০৫ সালের ১১ ফেব্রুয়ারি দ্বাদশ শ্রেণির ছাত্রী পলেনের লাশ উদ্ধার করা হয়। সেদিনই ময়মনসিংহ কোতোয়ালি থানায় অপমৃত্যুর মামলা করেন কলেজের অধ্যক্ষ খাদেমুল ইসলাম।

এরপর ওই বছরের ১৯ ফেব্রুয়ারি পলেনের বাবা বাশার পাটোয়ারী ময়মনসিংহ জেলা জজ আদালতে কারও নাম উল্লেখ না করে হোস্টেলের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা করেন।

আদালত তখন বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছিল। বাশার পাটোয়ারীও হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত পাঁচজনের নাম উল্লেখ করে সম্পূরক অভিযোগ দেন।

আট বছর পর ২০১৩ সালের ২২ মে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

Image
শার্মিলা শাহরিন পলেন

শার্মিলা শাহরিন পলেন

তারও তিন বছর পর ওই প্রতিবেদনের ভিত্তিতে গত বছর ৩ মার্চ ময়মনসিংহের জেলা জজ আদালত মেজর নাজমুল হকসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

অভিযুক্ত অন্য চারজন হলেন বাংলাদেশের একমাত্র মহিলা ক্যাডেট কলেজটির সহযোগী অধ্যাপক আবুল হোসেন, নন কমিশন্ড অফিসার মো. নওশেরুজ্জামান, হোস্টেলের আয়া হেনা বেগম ও মেজর মনির আহমেদ চৌধুরী।

পাঁচ আসামির মধ্যে মেজর নাজমুলসহ চারজন জামিনে রয়েছেন। মেজর মনির পলাতক।

বাদী বাশার পটোয়ারী জানান, জামিনে থাকা আসামিদের মধ্যে মেজর নাজমুল সেনা সদর দপ্তরে, নওশেরুজ্জামান পদ্মা সেতু প্রকল্পে, আবুল হোসেন ঢাকায় একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষক হিসেবে এবং হেনা বেগম ওই ক্যাডেট কলেজেই কর্মরত।

নিম্ন আদালতে অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করে আসামিপক্ষ। গত বছরের ১ জুন হাই কোর্ট বিচার কাজ ৬ মাসের জন্য স্থগিত করার পাশাপাশি রুল জারি করে।

শুনানি শেষে গত ৬ এপ্রিল আসামি পক্ষের আবেদন খারিজ করে দেয় হাই কোর্ট। ওই রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন নিয়ে আপিল বিভাগে গিয়েছিলেন আসামিরা।

ওই আবেদনে গত ৮ মে হাই কোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেছিল আপিল বিভাগ। এরপর পূর্ণাঙ্গ শুনানি শেষে তা খারিজের রায় দিল।

সর্বোচ্চ আদালতের রায়ের প্রতিক্রিয়ায় পলেনের বাবা বাশার পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধান বিচারপতি, বিচার বিভাগের প্রতি আমি কৃতজ্ঞ।

“বাবা হিসেবে মেয়ে হত্যার বিচার নিয়ে শঙ্কায় ছিলাম। অনেক দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে আমাকে। কিন্তু হাল ছাড়িনি। সর্বোচ্চ আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি। আশা করছি বিচারিক আদালত থেকেও ন্যায়বিচার পাব।”

ময়মনসিংহের জেলা জজ আদালতে পলেন হত্যা মামলা বিচারাধীন।