দুর্ঘটনা রোধে গণপরিবহনের নৈরাজ্য ও শ্রমিক অসন্তোষ দূর করার আহ্বান
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণপরিবহন খাতের নৈরাজ্য এবং শ্রমিক অসন্তোষ দূর করতে পদক্ষেপ নেওয়ার তাগিদ এসেছে একটি আলোচনা সভা থেকে।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নৌ, সড়ক ও রেলপথের মধ্যে সমন্বয় করে একটি সমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উপরও আলোচকরা গুরুত্বারোপ করেছেন।
নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির আয়োজনে শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে ‘সড়ক দুর্ঘটনা, প্রাণহানি ও প্রতিকার’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা দুর্ঘটনা প্রতিরোধে তাদের সুপারিশ তুলে ধরেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, পরিবহন খাতে চাঁদাবাজি চললেও সেখানে কারও নজর নেই।
“পরিবহন খাতকে একদিকে আল্লাহর নামে আরেকদিকে পরিবহনের মালিকদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
দুর্ঘটনার জন্য চালকদের দায়ী করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আবদুল জলিল ভুইয়া বলেন, “পরিকল্পনার অভাবেও দুর্ঘটনা ঘটছে। তাই এগুলো হত্যাকাণ্ড এবং আমরা সকলে মিলেই তা করছি।
“মন্ত্রী হলেন পরিবহন শ্রমিকদের নেতা। পলিসি মেকার যখন এর সঙ্গে জড়িত তখন আমরা কার কাছে বিচার চাইব?”
সড়ক দুর্ঘটনা বন্ধে পরিকল্পনা নেওয়ার তাগিদ দিয়ে জলিল ভুইয়া বলেন, দুর্ঘটনার জন্য শুধু গাড়ি চালক নয়, গাড়ির মালিকদেরও দায়ী করে শাস্তি দিতে হবে।
গাড়ি চালকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দিলেই দুর্ঘটনা কমে যাবে বলে মনে করেন না ব্যারিস্টার সাদিয়া আহমেদ।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে হলে নৌ, সড়ক ও রেলপথের মধ্যে সমন্বয় করে একটি সমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে।
সভার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে।
তিনি জানান, ২০১৭ সালে সারা দেশে তিন হাজার ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৫১৬ নারী ও ৫৩৯ শিশুসহ মোট চার হাজার ২৮৪ জন নিহত এবং নয় হাজার ১১২ জন আহত হয়েছেন।
২০১৬ সালে দুই হাজার ৯৯৮টি দুর্ঘটনায় ৪৭০ নারী ও ৪৫৩ শিশুসহ তিন হাজার ৪১২ জন নিহত এবং আট হাজার ৫৭২ জন আহত হন।
আর ২০১৫ সালে চার হাজার ৫৯২টি দুর্ঘটনায় ছয় হাজার ৮২৩ জন নিহত এবং ১৪ হাজার ২৬ জন আহত হন বলে জানান আশীষ কুমার।
সড়ক দুর্ঘটনায় বছরে ৩৪ হাজার কোটি টাকার ক্ষতি হয় জানিয়ে দুর্ঘটনা প্রতিরোধে ১৪টি সুপারিশ তুলে ধরেন তিনি।
>> যে কোনো ধরনের যানবাহনের ড্রাইভিং লাইসেন্স পেতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বাধ্যতামূলক করা।
>> চালক ও সহকারীসহ সব ধরনের পরিবহনকর্মীদের নিয়োগপত্রের পাশাপাশি শ্রম আইন মেনে মজুরি ও ভাতা প্রদান এবং শ্রমঘণ্টা নির্ধারণ।
>> সব বাস-ট্রাক টার্মিনাল এবং টেম্পুস্ট্যান্ড ও দূরপাল্লার রুটে অবৈধ চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ।
>> বেসরকারি উদ্যোগে বাস আমদানি উৎসাহিত করতে বিভিন্ন পর্যায়ে হয়রানি ও চাঁদাবাজি বন্ধ এবং রুট পারমিট পাওয়া সহজ করা।
>> অবৈধ-ত্রুটিপূর্ণ গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে দেশজুড়ে সারা বছর বিআরটিএর অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা।
>> ত্রুটিপূর্ণ গাড়ি চালানোর দায়ে চালক, সুপারভাইজার ও সহকারীর সঙ্গে মালিককেও আইনের আওতায় আনা।
>> দুর্ঘটনায় প্রাণহানির জন্য দায়ী চালকের মৃত্যুদণ্ড, সহকারীর যাবজ্জীবন কারাদণ্ডের বিধানের পাশাপাশি হতাহত পরিবারকে মালিকের পক্ষ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের আইন প্রণয়ন।
>> সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলো নিয়মিত সংস্কার, ঝুঁকিপূর্ণ বাঁকগুলো চিহ্নিতকরণ এবং সতর্ক সংকেত স্থাপন।
>> ট্রাফিক আইন অমান্যকারী চালক ও সহকারীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ।
>> নসিমন-করিমনসহ স্থানীয়ভাবে তৈরি ক্ষুদ্র যানবাহন ও অটো টেম্পু, হিউম্যান হলার চলাচলের ওপর নজরদারি বৃদ্ধি এবং এ ধরনের যানবাহনের চালক ও সহকারীর লাইসেন্স বাধ্যতামূলক করা।
>> বিআরটিসিকে শক্তিশালীকরণ ও রাজধানীর গুরুত্বপূর্ণ রুটসহ দেশের সব আন্তঃজেলা রুটে বিআরটিসির সার্ভিস চালু।
>> বিআরটিসির বাস ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রথা বাতিল এবং বিআরটিসির বাস চলাচলে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
>> সরকারের উদ্যোগে মালিক ও শ্রমিক সংগঠন এবং সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাসমূহের সমন্বয়ে চালকসহ পরিবহন শ্রমিকদের সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা।
>> সব ধরনের যানবাহনে যাত্রীবীমা এবং চালক, সুপারভাইজার ও সহকারীদের জীবনবীমা বাধ্যতামূলক করা।
জাতীয় কমিটির সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়ার সভাপতিত্বে সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য নুরুর রহমান সেলিম, পরিবেশবিদ ইনামুল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর তারেক আলী, জাতীয় কমিটির যুগ্ম-সম্পাদক রাজন ভট্টাচার্য প্রমুখ সভায় বক্তব্য দেন।
