২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল নথিপত্র তৈরি করেছে দুদক: খালেদার আইনজীবী

খালেদা জিয়াকে জিয়া ট্রাস্ট মামলায় ফাঁসাতে দুর্নীতি দমন কমিশন জাল নথিপত্র তৈরি করেছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2018, 01:25 AM

Updated : 19 Aug 2022, 01:21 PM

বুধবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে ষষ্ঠ দিনের যুক্তিতর্কে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী এই অভিযোগ করেন।

পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত এই আদালতের বিশেষ এজলাসে বিএনপি চেয়ারপারসনের উপস্থিতিতে শুনানি নেন বিচারক মো. আখতারুজ্জামান।

এ জে মোহাম্মদ আলী বলেন, “দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ অনুযায়ী ৪৫ কার্য দিবসের মধ্যে তদন্তকাজ শেষ করার বিধান রয়েছে। কিন্তু তদন্ত কর্মকর্তা ৩৯৫ কার্যদিবস ধরে তদন্ত করে এই মামলার অভিযোগপত্র জমা দিয়েছিলেন। এই সময় নেওয়ার কারণ হচ্ছে- এই সময় তারা জাল নথিপত্র তৈরি করেছেন।”

আগের দিনের শুনানিতে খালেদার আরেক আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছিলেন, এ মামলায় ‘রাজনৈতিক গন্ধ’ আছে এবং মামলাটি ‘রাজনৈতিক কালিমালিপ্ত’।

সেদিনও মোহাম্মদ আলী বলেছিলেন, “প্রধানমন্ত্রীর কার্যালয় বা দপ্তর এবং রাষ্ট্রপতির ত্রাণ  তহবিলের কাটা ঘষামাজা কাগজপত্র রাষ্ট্রপক্ষের বেশ কয়েকজন সাক্ষী আদালতে সাক্ষ্যের সমর্থনে দাখিল করেছেন, যা নথিতে সন্নিবেশিত হয়েছে। এই কাগজগুলো বানানো।”

তখন তার প্রতিবাদ জানিয়ে দুদকের প্রধান আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেছিলেন, “বিচারক যখন তা গ্রহণ করেন, তখন আপনারা সেটাতে কেন আপত্তি তোলেননি? এখন তো আর্গুমেন্ট । আপনি শুনানির এ পর্যায়ে ওই বিষযগুলো নিয়ে কথা বলতে পারেন না।”

তার কথায় সায় দিয়ে বিচারকও বলেছিলেন, “আপনারা কেন ওই সময় আপত্তি তুললেন না? ওই কাগজগুলো তাহলে আসামিপক্ষের আপত্তির নোট দিয়ে নথিতে সন্নিবেশ করতাম।”

বুধবারের শুনানিতে মোহাম্মদ আলী বলেন, “এই মামলায় নথিপত্র যে তৈরি হয়েছে, সেগুলোতে আইন মানা হয়নি এবং নথির গতিবিধি সংক্রান্ত বিধানও অনুসরণ করা হয়নি।

“মামলার রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ সাক্ষী মুখ্যসচিব কামালউদ্দিন সিদ্দিকীর ব্যক্তিগত সচিব সৈয়দ জগলুল পাশার এতিম তহবিল সংক্রান্ত কোনো কাগজ দেখানোর কোনো এখতিয়ার ছিল না। আসলে এই মামলার জাল নথির ভিত্তিতে তদন্ত কর্মকর্তা হারুন অর রশীদসহ ৫ জন রাষ্ট্রপক্ষের সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।”

জিয়া এতিমখানা ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলা করে দুদক। তদন্ত শেষে ২০০৯ সালের ৫ অগাস্ট তদন্ত কর্মকর্তা হারুন আদালতে অভিযোগপত্র দেন।

পাঁচ বছর পর ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার তৃতীয় বিশেষ জজ অভিযোগ গঠন করে খালেদাসহ ছয় আসামির বিচার শুরু করেন।

মামলার অন্য আসামিরা হলেন- খালেদার বড় ছেলে তারেক রহমান, সাবেক মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান, মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

খালেদা জিয়া এ মামলায় জামিনে আছেন। তারেক রহমান গত নয় বছর ধরে দেশের বাইরে, তার বিরুদ্ধে এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক। সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদ রয়েছেন কারাগারে।

পুরনো খবর:

খালেদা ফেরার পথে আবারও সংঘর্ষ, গ্রেপ্তার