২১ অগাস্ট মামলায় পলাতক চার আসামির পক্ষে যুক্ত উপস্থাপন
একুশ অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলায় আসামি পক্ষে দ্বিতীয় দিনের মতো যুক্ততর্কের শুনানি করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা।
বুধবার পলাতক আসামি মোফাজ্জল হোসেন কায়কোবাদ, হারিছ চৌধুরী, মো. খলিল ও আনিসুল মুরসালীনের পক্ষে শুনানি হয়।
এ দিন আরেক পলাতক আসামি হানিফ পরিবহনের মালিক মো. হানিফের পক্ষে অবশিষ্ট যুক্তি উপস্থাপন শেষ করেন তার আইনজীবী।
কায়কোবাদের পক্ষে শুনানিতে আইনজীবী আশরাফ উল আলম বলেন, মামলার তদন্ত কর্তা কায়কোবাদের নাম তদন্তকালে কোনোর সাক্ষীর মুখ থেকে বের করতে না পারলেও বিচারের সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের শিখিয়ে দেওয়া কয়েকজন সাক্ষীর সাক্ষ্যে তার নাম এসেছে।
“অথচ ১৬১ ধারার জবানবন্দীতে অভিযোগপত্রে বর্ণিত রাষ্ট্রপক্ষের ওইসব সাক্ষী কায়কোবাদের নাম বলেননি। বলেছেন আদালতে বিচারকের কাছে দেওয়া সাক্ষ্যে।”
আইনজীবী বলেন, কায়কেবাদের বিরুদ্ধে এসব সাক্ষীর সাক্ষ্যের কোনো মূল্য নেই। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য তাকে আসামি করা হয়েছে। কায়কোবাদ জনপ্রিয়, গণমানুষের নেতা, পাঁচবার নির্বাচিত সাংসদ।
পলাতক হারিছ চৌধুরীর পক্ষে আইনজীবী আবু তৈয়ব বলেন, “প্রথম অভিযোপত্রে হারিছের নাম ছিল না। নাম এসেছে অধিকতর তদন্তের পর।শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানির জন্য তাকে এ মামলায় জড়ানো হয়েছে।তিনি নির্দোষ।তার খালাস চাই।”
মো. খলিলের পক্ষে আইনজীবী মো. খলিলুর রহমান, আনিসুল মুরসালীনের পক্ষে মো. সাখাওয়াৎ হোসেন যুক্তিতর্কের শুনানি করেন।
