২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট মামলায় আসামি পক্ষে যুক্তি উপস্থাপন শুরু

একুশে অগাস্ট মামলায় রাষ্ট্রপক্ষের পর যুক্তিতর্ক শুনানি শুরু করেছে আসামি পক্ষ; তাদের যুক্তি উপস্থাপন শেষ হলেই রায়ের দিন আসবে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2018, 07:37 PM

Updated : 19 Aug 2022, 01:20 PM

আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শুরুর দিন মঙ্গলবার পলাতক আসামি হানিফ পরিবহনের মালিক মো. হানিফের পক্ষে শুনানি করেন তার জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার।

তার বক্তব্য শেষ হওয়ার আগেই পুরান ঢাকার নাজিম উদ্দিন সড়কে বিশেষ এজলাসে বসা আদালতের দিনের কার্যক্রমের ইতি টানেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন।

চৈতন্য দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বুধবারও তিনি শুনানি করবেন।

আসামি হানিফের নির্দোষিতা প্রমাণে তিনি বলেন, এ আসামির নাম শুধু মুফতি আব্দুল হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসেছে। কোনো সাক্ষী তদন্ত কর্তার কাছে হানিফের নাম কখনোই উল্লেখ করেননি। একমাত্র শেষ তদন্ত কর্মকর্তা তার নাম এনেছেন অভিযোগপত্রে।

আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর অধিকতর তদন্তের পর দেওয়া সম্পূরক অভিযোগপত্রে যে ৩০ জনের নাম আসামির তালিকায় যোগ হয়,  তারই একজন হানিফ।

অধিকতর তদন্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও আসামির তালিকায় যোগ হন। হানিফের ভাই ঢাকার সাভারের বিএনপি নেতা।

মামলায় হানিফের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি তৎকালীন শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ধানমন্ডির সরকারি বাড়িতে বসে হামলার পরিকল্পনার বৈঠকে অংশ নেন।

সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ওই সমাবেশে গ্রেনেড হামলা চালাতে জঙ্গিদের সংগঠিত করেন বলে অভিযোগ। তাজউদ্দিন শুরু থেকে পলাতক রয়েছেন।

হানিফের আইনজীবীর শুনানির আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল মামলার আইনি দিক ও বঙ্গবন্ধু হত্যা , রাজীব গান্ধী হত্যা , জুলফিকার আলী ভুট্টো হত্যা মামলার উচ্চ আদালতের রায় ট্রাইব্যুনালে জমা দেন।

কাজল বিচারক শাহেদ নূর উদ্দিনকে বলেন, “আসামিপক্ষের যুক্তিতর্কের শেষে রাষ্ট্রপক্ষ থেকে আমি ল ’পয়েন্টে বক্তব্য দেব।”

পুরনো খবর:

২১ অগাস্ট মামলার যুক্তিতর্ক শুনানি শুরু
২১ অগাস্ট মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ