ঢাকায় আনসার আল ইসলামের ৩ সদস্য গ্রেপ্তার
রাজধানীর বসুন্ধরা ও সবুজবাগ এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার রাতে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১১ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলেপ উদ্দিন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের কাছ থেকে জঙ্গিবাদী বই, লিফলেট ও জঙ্গি অর্থায়নের ব্যবহার হবে এমন নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় র্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকিল আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকালে তাদের নারায়ণগঞ্জ বিচারিক হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করা হয়। এ বিষয়ে শুনানির জন্য আদালত মঙ্গলবার দিন ধার্য করেছে।
এদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দুটি এবং আড়াইহাজার থানায় একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহমদ উল্লাহ পাটোয়ারী ২০১২ সালে মাদ্রাসাতুল রাহবারে কিতাব বিভাগে পড়াশুনার সময় জসিম উদ্দিন রাহমানির ওয়াজ শুনে জঙ্গিবাদে আকৃষ্ট হন। ২০১৩ সালের শুরুর দিকে আনসার আল ইসলামে (আনসারল্লাহ বাংলা টিম) যোগ দেন।
তার নেতৃত্বে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের একাধিক জেলায় আনসার আল ইসলামের সদস্যদের একাধিক গোপন বৈঠক হয়। ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্লগারদের অনুসরণ করা এবং ব্লগারের বিভিন্ন পোস্ট শীর্ষ জঙ্গি নেতাদের দৃষ্টিগোচর করাই তার প্রধান কাজ ছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
র্যাব আরও জানায়, জাবাল-ই-নুর সিয়াম ২০১১ সালে পারিবারিক এক বন্ধুর মাধ্যমে হিযবুত তাহরিরে যোগদান করে এবং ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত এই সংগঠনে ছিলেন। ২০১৬ সালে সৈয়দ রায়হান কবির ও ফয়সাল রহমানের (এ দুজন এখন গ্রেপ্তার রয়েছেন) মাধ্যমে আনসার আল ইসলামে এ যোগদান করেন।
মুফতি হোসাইন আহমেদ জসিম উদ্দিন রাহমানির মাধ্যমে ওই সময়ে তিনি জঙ্গিবাদী মতবাদে অনুপ্রাণিত হন। পরবর্তীতে তিনি জসিম উদ্দিন রাহমানির বছিলা এলাকায় যাতায়াত শুরু করেন এবং জঙ্গিবাদে সম্পৃক্ত হন। ২০১৪ সালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য হিসেবে কাজ করতে থাকেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
