১২৭ এলাকায় চলছে স্থানীয় সরকারের ভোট
স্থানীয় সরকারের প্রতিষ্ঠান পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের ১২৭টি এলাকায় বিভিন্ন পদে সাধারণ, স্থগিত নির্বাচন ও উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা এই ভোটগ্রহণ চলবে। তবে জেলা পরিষদের ভোট হবে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত, সেখানে কেবল জনপ্রতিনিধিরাই ভোটার।
বছর শেষে এ ভোট সুষ্ঠুভাবে করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা বলেছে কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে মাঠে।
ইসির সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন জানান, নয়টি পৌরসভা (ছয়টি সাধারণ, তিন উপনির্বাচন); ১১৫টি ইউপি (৩৭টি সাধারণ ও স্থগিত নির্বাচন, ৭৮টি উপনির্বাচন) এবং জেলা পরিষদের দুটি ওয়ার্ডে সাধারণ ও একটি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে।
ইসির সহকারী সচিব রাজীব আহসান জানান, ভোটের আগে কমিশনাররা নির্বাচনী এলাকা পরিদর্শন করেছেন। সার্বিক পরিবেশ ‘অনুকূলেই’ রয়েছে।
“বন্যার কারণে অর্ধশত এলাকার নির্বাচন সময়মত করা সম্ভব হয়নি। মামলাসহ অন্যান্য আইনি জটিলতার কারণে কিছু নির্বাচন আটকে ছিল। এসব নির্বাচন এখন হচ্ছে।”
যেখানে ভোট
জেলা পরিষদ: নোয়াখালী জেলা পরিষদের দুটি ওয়ার্ডে নির্বাচন হচ্ছে বৃহস্পতিবার।
পৌরসভা: বোদা, বনপাড়া, আলফাডাঙ্গা, বকশিগঞ্জ, বাঘা ও বিরলে সাধারণ নির্বাচন হচ্ছে। মাধবদী, চুয়াডাঙ্গা ও শেরপুর পৌরসভায় হচ্ছে উপনির্বাচন।
ইউনিয়ন পরিষদ: জোয়ারী, মাঝগাঁও, রাজারামপুর, ঘুরিদহ, উথলী, কেডিকে, মনোহরপুর, আলফাডাঙ্গা, বুড়াইচ, গোপালপুর, মূলনা, জিন্নাগড়, নীলকমল, আমিনাবাদ, রণগোপালদী, নূরপুর, ব্রাহ্মণডোরা, ফুলতলা, বাকই দক্ষিণ, মুদাফফরগঞ্জ উত্তর, দৌলখাড়া, রায়কোর্ট উত্তর, রায়কোর্ট দক্ষিণ, আদ্রা উত্তর, আদ্রা দক্ষিণ, জোড্ডা পূর্ব, জোড্ডা পশ্চিম, বটতলী, ইলিয়টগঞ্জ, বারপাড়া, দৌলতপুর, বাকই উত্তর, নোয়ান্নই, নোয়াখালী, ধর্মপুর, চর আলেকজান্ডারে হচ্ছে সাধারণ নির্বাচন।
আর পাঁচগাছী, উমরজিদ, বলদিয়া, রসুলপুর, পদুমশহর, গাড়াগ্রাম, মোহনপুর, রাইকালী, চারঘাট, ভারশো, মশিদপুর, ধারাবারিষা, পূর্ণিমাগাতী, নওগাঁ, তাড়াশ, লাহিড়ীপারা, গোবিন্দপুর, নশিপুর, জলমা, নাটুদহ, সিংহঝুলি, পলাশবাড়িয়া, পোরাহাটি, গাবুরা, নুরনগর, প্রতাপনগর, হামিদপুর, সাতলা, রানাপাশা, রামনা, বদলখালী, কুকুয়া, চিকনিকান্দি, স্বদেশী, রাঙ্গামাটিয়া, কাচিনা, কাদিরজঙ্গল, পূর্ব অষ্টগ্রাম, লোহাজুরী, ভাওড়া, পাইস্কা, অর্জুনা, চরশেরপুর, হাতিভাঙ্গা, নুরুন্দি, নায়েকপুর, দুওজ, স্বরমুশিয়া, বাহাদুরসাদী, কুমারভোগ, কোলা, মেহেরপারা, মুছাপুর, চরভদ্রাসন, বহুগ্রাম. নিজামকান্দি, বেথুড়ী, খানগঞ্জ, বোয়ালিয়া, রামপাশা, জলসুখা, নিজামপুর, করগাঁও, আলীনগর, পায়রগাছা, দোল্লাই, কেরণখাল, নবীপুর, বড়াইল, গোকর্ত, মহামায়া, দরবারপুর, আমিরাবাদ, সোনাপুর, মীরসরাই, রূপসীপাড়া ও পাইকগাছায় উপনির্বাচন হচ্ছে।
কুমিল্লা দক্ষিণের ওসিকে অব্যাহতি
ইসি কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, সুষ্ঠু ভোট আয়োজনের স্বার্থে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. নজরুল ইসলামকে নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশনা দিয়েছে কমিশন।
ওই এলাকায় ১৫টি ইউপিতে সাধারণ ও চারটি ইউপিতে বিভিন্ন পদে ভোট হচ্ছে। ওসিকে দায়িত্ব থেকে বিরত রাখতে বুধবারই কুমিল্লার পুলিশ সুপারকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান ফরহাদ।
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার নবগঠিত বটতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
