২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরল পৌরসভায় প্রথম নির্বাচন বৃহস্পতিবার

সীমানা নিয়ে আইনি জটিলতা নিরসনের পর দিনাজপুরের বিরল পৌরসভায় প্রথম নির্বাচন হতে যাচ্ছে বৃহস্পতিবার।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2017, 01:07 PM

Updated : 11 Oct 2022, 02:53 PM

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম রওশন কবির জানান, ২০১১ সালের ২৯ মে পৌরসভা ঘোষণা করা হলেও সীমানা জটিলতার কারণে এত দিন নির্বাচন করা সম্ভব হয়নি।

সীমানা নিয়ে জটিলতা নিরসনের পর নির্বাচনের সব আয়োজন শেষ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ৫ দশমিক ৩০ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভায় নয়টি ওয়ার্ড রয়েছে। আর ভোটে লড়ছেন আট মেয়র প্রার্থী ও কাউন্সিলর পদে ৬২ জন।

মেয়র প্রার্থীরা হলেন – আওয়ামী লীগের সবুজার সিদ্দিক সাগর, বিএনপির লিয়াকত আলী, জাতীয় পার্টির আফজাল হোসেন দুলাল, আওয়ামী লীগের বিদ্রোহী শফিকুল আজাদ মনি, মোকলেছুর রহমান, ফরহাদুর রহমান সেলিম, তানজিউল ইসলাম লাবু ও আইয়ুব আলী। 

তাদের মধ্যে শুধু শফিকুল আজাদ মনি ২৫ ডিসেম্বর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেনে। অন্যরা ইশতেহার ঘোষণা না করলেও মৌখিকভাবে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। 

সরেজমিনে দেখা গেছে, নির্বাচন সামনে রেখে পৌরসভার সর্বত্র ছেয়ে গেছে বিভিন্ন প্রার্থীর পোস্টারে। নেওয়া হয়েছে জোর নিরাপত্তার ব্যবস্থা।

নির্বাচন কর্মকর্তা রফিকুল বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১২ জন অস্ত্রধারী পুলিশসহ আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

এছাড়া ভোটের সময় বিজিবি, র‌্যাব ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে বলে তিনি জানান।