২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মে মাসে ‘প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা’ সম্মেলন

প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে দ্বিতীয়বারের মত আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2017, 07:35 PM

Updated : 19 Aug 2022, 06:15 PM

আগামী বছরের মে মাসে ঢাকায় এই সম্মেলন হবে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন।

সচিবালয়ে মঙ্গলবার প্রতিবন্ধিতা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের প্রধান উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেনের উপস্থিতে এক সভা শেষে টাস্কফোর্সের সভাপতি ও ত্রাণমন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান।

সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান মায়া।

প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে ২০১৫ সালের ১২-১৪ ডিসেম্বর ঢাকায় প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয়।

১৮টি দেশের ৪৫০ জন প্রতিনিধির অংশ গ্রহণের মধ্য দিয়ে ওই সম্মেলনে আট দফা ঢাকা ঘোষণা গৃহীত হয়েছিল।

মায়া জানান, দেশে ১৫ লাখ ৪১ হাজার ১৪৯ জন প্রতিবন্ধী আছে। ১৯টি বন্যা ও ঘুর্ণিঝড়প্রবণ জেলায় প্রতিবন্ধীর সংখ্যা চার লাখ ১৯ হাজার।

“এদের সঠিক তালিকা তৈরি করা হবে। ইতোমধ্যে একটি তালিকা তৈরি করা হয়েছে, যা প্রতি মাসেই আপডেট করা হয়। প্রতিবন্ধীদের সার্বিক তত্ত্বাবধান এবং তাদের সুনাগরিক হিসেবে আমরা রাখতে চাই, এ ব্যাপারে আজ আলোচনা হয়েছে।”

মায়া জানান, প্রতিবন্ধীদের যেন কোনো কষ্ট না হয় এবং তারা যেন সব ধরনের নাগরিক অধিকার নিয়ে বাঁচতে পারে সে বিষয়েও সভায় বিস্তারিতভাবে আলোচনা হয়েছে।

প্রতিবন্ধীদের নিয়ে যেসব মন্ত্রণালয় কাজ করে সেসব মন্ত্রণালয়ের সচিবরা এই সভায় ছিলেন জানিয়ে মায়া বলেন, তাদের অগ্রগতি নিয়ে তারা কথা বলেছেন।

ত্রাণসচিব শাহ কামাল বলেন, “প্রতিটি দেশ ইন্টারন্যাশনাল ফোকাল পয়েন্ট নির্ধারণ করবেন যিনি বিষয়টিকে নেতৃত্বে দেবেন। বাংলাদেশ সায়মা হোসেনকে ফোকাল পয়েন্ট নির্বাচিত করেছে, তার নেতৃত্বে আমরা ২০১৫ সাল থেকে কাজ করছি।”

পুরনো খবর:

দুর্যোগে সব ধরনের প্রতিবন্ধীর কথা বিবেচনায় নিতে হবে: সায়মা
শনিবার শুরু হচ্ছে ‘প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন’