২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগে সব ধরনের প্রতিবন্ধীর কথা বিবেচনায় নিতে হবে: সায়মা

বিভিন্ন ধরনের প্রতিবন্ধীদের নানা ধরনের প্রয়োজন দুর্যোগে সবাইকে সুরক্ষা দেওয়া ‘জটিল’ করে তোলে বলে মন্তব্য করেছেন সায়মা ওয়াজেদ হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2015, 11:00 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

এক্ষেত্রে সবার সহযোগিতা প্রত্যাশা করেছেন বাংলাদেশে অটিজম নিয়ে সচেতনতা গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করা এই মনস্তত্ত্ববিদ।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ।

জাপানের সেন্দাইয়ে দুর্যোগ ঝুঁকি বিষয়ক জাতিসংঘের তৃতীয় সম্মেলনে গত ১৮ মার্চ ‘সেন্দাই ফ্রেমওয়ার্ক ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন ২০১৫-২০৩০’ গৃহীত হওয়ার পর এ বিষয়ে এটাই প্রথম আন্তর্জাতিক সম্মেলন।

দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি বিষয়ক ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হিসেবে ১২-১৪ ডিসেম্বরের এই সম্মেলন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলের সদস্য সায়মা বলেন, প্রতিবন্ধীদের অনেক সমস্যা সমাধান করা না গেলেও এরইমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা আইনে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্ত করেছে সরকার।

“কিন্তু আমরা আপনাদের (প্রতিবন্ধী) কথা শুনছি, যা আপনাদের সমস্যা নিয়ে কাজ করার প্রথম পদক্ষেপ।”

প্রতিবন্ধীদের প্রয়োজনীয়তাগুলো তুলে ধরার জন্য প্রতিবন্ধী ব্যক্তির পাশাপাশি সম্মেলনে অংশগ্রহণকারী অন্যদের প্রতি আহ্বান জানান সায়মা ওয়াজেদ।

সম্মেলনের সমাপনীতে ‘ঢাকা ঘোষণায়’ বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি।

ইউনাইটেড নেশনস অফিস ফর দ্য ডিজাস্টার রিস্ক রিডাকশন (ইউএনআইএসডিআর)-এর সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। জাতীয় প্রতিবন্ধী ফোরামও এই আয়োজনের সহযোগিতায় রয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সম্মেলনের উদ্বোধন করেন।

সায়মা ওয়াজেদ বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা দুর্যোগের সময় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে, যা থেকে নতুন ধরনের প্রতিবন্ধিতা দেখা দেয়।

“তাদের প্রয়োজনীয়তাও ভিন্ন ভিন্ন।”

এর ব্যাথ্যা দিয়ে তিনি বলেন, যারা কানে শোনেন না তাদের এক ধরনের সহায়তার প্রয়োজন হয়।  যারা হুইলচেয়ারে চলাফেরা করেন তাদের প্রয়োজন অন্য রকম। আবার অটিজমের মতো নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডারে আক্রান্তরা তাদের প্রয়োজনের কথা বলতেও পারে না।

“আমাদের এই সব প্রেক্ষাপট বিবেচনায় নিতে হবে এবং তাদের সবার প্রয়োজনের কথা শুনতে হবে।”

সম্মেলনে ‘ক্রাইসেস, কনফ্লিক্ট অ্যান্ড ডিজ্যাবিলিটি, এনশুরিং ইকুয়ালিটি’ শিরোনামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়, গত বছর বিশ্বজুড়ে যে বই বেরিয়েছে।

বইয়ে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে সায়মা ওয়াজেদের একটি লেখা রয়েছে।

বইটির সম্পাদক ডা. ভালেরি লিন কার বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের নানা ধরনের প্রয়োজন রয়েছে এবং সবার প্রয়োজন এক রকম নয়। তাই তাদের প্রতি যথাযথ আচরণ করা উচিৎ। 

বিশ্বের ২২টি দেশের অন্তত চারশ প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছেন।

সম্মেলনে অন্যদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি,  ইউএনআইএসডিআর’র অ্যাডভোকেসি অ্যান্ড আউটরিচ সেকশনের প্রধান ড. জেরি ভেলাসকুয়েজ, প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত সংগঠনগুলোর জাতীয় ফোরাম-এনএফওডব্লিউডি’র প্রেসিডেন্ট সাইদুল হক বক্তব্য দেন।