২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার শুরু হচ্ছে ‘প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন’

বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবন্ধীদের দুর্যোগঝুঁকি কমানো এবং তাদের সহায়তায় সাড়া দেওয়ার অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনের আন্তর্জাতিক সম্মেলন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 01:00 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আগামী ১২-১৪ ডিসেম্বর ‘প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সচিবালয়ে বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এক সংবাদ সম্মেলনে জানান, সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ‘ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন অটিজম’র চেয়ারপারসন প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ সম্মেলন আয়োজনে সহযোগিতা দেবে জাতীয় প্রতিবন্ধী ফোরাম এবং ইউনাইটেড ন্যাশনস অফিস ফর দ্য ডিজাস্টার রিস্ক রিডাকশন।

২২টি দেশের ৭০ জন প্রতিনিধি এবং বাংলাদেশের শতাধিক বেসরকারি সংস্থার পাঁচ শতাধিক প্রতিনিধি সম্মেলনে অংশ নেবেন।

আন্তর্জাতিক এই সম্মেলন আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে মায়া বলেন, “এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ক কার্যক্রম অন্য দেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে।

“পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবন্ধীদের দুর্যোগ ঝুঁকিহ্রাস ও সাড়াদান বিষয়ক অনুশীলনগুলো নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় হবে।”

এছাড়া ‘সেনডাই ফ্রেমওয়ার্ক’র আলোকে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় ‘প্রতিবন্ধিতা’ একীভূত করার মাধ্যমে প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে একটি রোডম্যাপও তৈরি করা হবে বলে জানান তিনি।

সরকারের সংগ্রহ করা বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে মন্ত্রী জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় ২০১৩ সালের ১৪ নভেম্বর পর্যন্ত দেশে ১৮ লাখ ১০ হাজার প্রতিবন্ধীর তথ্য সংগ্রহ করেছে।

এছাড়া ১৪ লাখ ৮৪ হাজার ২৯৫ জন প্রতিবন্ধীর প্রতিবন্ধিতার ধরণ ও মাত্রা নিরূপণ করা হয়েছে বলে জানান তিনি।