২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটবে ২০১৮ সালে: টেলিনর

২০১৮ সালেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্রিপ্টো-কারেন্সি ও স্বচালিত বাহনের মতো প্রযুক্তিগুলো বিশ্ববাজারে চলে আসবে বলে মনে করছেন টেলিনর রিসার্চের বিজ্ঞানী ও প্রযুক্তি বিশ্লেষকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2017, 11:37 PM

Updated : 12 Apr 2022, 12:57 AM

‘ডিজিটাল বাংলাদেশের’ অগ্রযাত্রায় সম্ভাব্য এসব প্রযুক্তি এদেশেও চলে আসার সম্ভাবনা রয়েছে বলে বুধবার গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

টেলিনর রিসার্চের প্রধান বিয়র্ন টালে স্যান্ডবার্গ বলেন, “নীতিমালা, গ্রাহকের পছন্দ এবং প্রযুক্তির সর্বব্যাপী বিস্তারের কারণেই সাধারণত বড় ধরনের পরিবর্তন ঘটে। এক্ষেত্রে মোবাইল টেলিফোনি ও গাড়ি অন্যতম দুটি উদাহরণ। ২০১৮ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্রিপ্টো-কারেন্সি ও স্বচালিত বাহন- তিন ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।”

২০১৮ সালের মধ্যে প্রযুক্তিখাতের সম্ভাবনাময় সাতটি প্রবণতার কথা আগে থেকেই বলে আসছে টেলিনর গ্রুপের গবেষণা প্রতিষ্ঠান টেলিনর রিসার্চ।

তাদের ভাষ্য অনুযায়ী, সোশ্যাল মিডিয়া বিহেভিয়ার, কৃত্রিক বুদ্ধিমত্তার বিস্তৃত ব্যবহার, ব্যবসায় ডিপ লার্নিং, এআই ও আইওটিভিত্তিক আর্থিক সেবা এবং অগমেন্টেড রিয়ালিটিতে ব্যাপক অগ্রগতি ঘটবে।

টেলিনরের গবেষণার তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ব্যবহারকারীদের পোস্ট কমে যাচ্ছে এবং ফেইসবুক নিউজফিডে আসা প্রাসঙ্গিক তথ্যও হ্রাস পাচ্ছে, বিভিন্ন ধরনের প্রফেশনাল ও পেইড কন্টেন্টের সংখ্যা বাড়িয়ে তুলছে। সচেতনতা বৃদ্ধি পাওয়ার কারণে ব্যবহারকারীরা তাদের নিউজফিডে ‘ফেইক নিউজ’র ব্যাপারে অনেক বেশি সচেতন হয়েছেন। 

এ প্রসঙ্গে বিয়র্ন টালে স্যান্ডবার্গ বলেন, “প্রাসঙ্গিকতার অভাবেই সংবাদ পেতে, ডিজিটাল উপস্থিতির জন্য এবং বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের হালনাগাদ তথ্য পেতে ব্যবহারকারীরা বিকল্প প্ল্যাটফর্ম ব্যবহার করা শুরু করবে।”

ক্ষুদ্র ও সূক্ষ্ম যোগাযোগ পরিচালনার ক্ষেত্রে ভবিষ্যতে নিজেদের জনপ্রিয় কমিউনিকেশন প্ল্যাটফর্ম বিশেষ করে মেসেঞ্জার ও ফেইসবুক গ্রুপ উন্নত করতে ফেইসবুক পদক্ষেপ নেবে বলে মনে করছেন তিনি।

টেলিনর গবেষকদের প্রত্যাশা অনুযায়ী, ইতিবাচক প্রভাব বিস্তার করা গেলে আগামী ২০১৮ সাল হবে ‘ডিপ লার্নিং’র বছর এবং এ বছরেই ইন্টারনেট জায়ান্টদের থেকে বেরিয়ে এসে নতুন বাজার খুঁজে নেবে ‘ডিপ লার্নিং’।

গবেষণা প্রতিবদন অনুযায়ী, স্বাস্থ্য, জ্বালানি ও বিদ্যুৎ, যানবাহন ও টেলিযোগাযোগসহ বিস্তৃত খাতে প্রযুক্তির ব্যাপক ব্যবহার হবে। ডিপ লার্নিং-এর ভুল ব্যবহার, অব্যবস্থাপনা, অনভিজ্ঞ তথ্য পরিচালনার ফলে সে সব মানুষ ক্ষতিগ্রস্ত হবেন যারা মনে করেন ডিপ লার্নিং একটি যাদুকরি প্রযুক্তি এবং তা নিজ আগ্রহে না জানলেও চলবে।

২০১৮ সালের মধ্যে দৈনন্দিন ব্যবহার্য ডিভাইসগুলো একেকটি পেমেন্ট ডিভাইসে পরিণত হবে বলে ধারণা করছে টেলিনর।

এসব ডিভাইসের মধ্যে রয়েছে গাড়ির চাবি, ভেন্ডিং মেশিন, স্মার্টফোন, কানেক্টেড গাড়ি, স্পোর্টস ওয়াচ ইত্যাদি।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইওটি বুদ্ধিমত্তাসম্পন্ন ও ব্যক্তিগতভাবে সচেতন সেবা তৈরি করবে, যা গ্রাহক ও প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত নিতে, ঝুঁকি ব্যবস্থাপনা হ্রাসে এবং খরচ কমাতে সহায়তা করবে। ২০১৮ সালে বেশ কয়েকটি নতুন ডিভাইস পেমেন্ট ব্যবস্থা বৈশ্বিকভাবে চালু করা হবে।

এই বছরই অগমেন্টেড রিয়ালিটির ক্ষেত্রে নতুন সব অগ্রগতি আসতে পারে বলে মনে করে টেলিনর।

স্যান্ডবার্গ বলেন, “যদিও সামনে প্রযুক্তির বাজারে গুগলের এআর গ্লাস নিয়ে আসার সম্ভাবনা কম, তবুও ২০১৮ সালে এআর সুবিধাসহ অনেক অ্যাপ আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে।”

টেলিনরের গবেষণা অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় উইন্টার অলিম্পিকে ৫জি সূচনার মধ্য দিয়ে প্রযুক্তি ক্ষেত্রে আরও সম্ভাব্য অনেক বিষয় আসব।