মাহবুবুল হক শাকিলের জন্মদিনে নানা আয়োজন
প্রয়াত কবি ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের ৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ওই দিন বিকাল ৩টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠানে একজন তরুণ কবিকে প্রথমবারের মতো মাহবুবুল হক শাকিল পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি তথ্যচিত্র প্রদর্শন, কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশনা থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।
মাহবুবুল হক শাকিল পরিষদ আয়োজিত এই ‘জন্মোৎসবে’ প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ময়মনসিংহের বাসিন্দা শাকিলের জন্ম ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর টাঙ্গাইলে। তার বাবা অ্যাডভোকেট জহিরুল হক খোকা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি।
ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি শাকিল ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পরে নবগঠিত আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সেল সিআরআই পরিচালনার দায়িত্ব পান।
২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে জিতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিবের দায়িত্ব পান তিনি। চার বছর পর তাকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) করা হয়।
এরপর ২০১৪ সাল থেকে অতিরিক্ত সচিব মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্বে ছিলেন তিনি।
রাজধানীর গুলশানের জাপানি রেস্তোরাঁ সামদাদোতে ২০১৬ সালের ৬ ডিসেম্বর শাকিলকে মৃত অবস্থায় পাওয়া যায়।
আইনজীবী-শিক্ষক দম্পতির সন্তান শাকিল ময়মনসিংহ জেলা স্কুল ও আনন্দমোহন কলেজে পড়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন।
সাবেক এই ছাত্রনেতা নিয়মিত কবিতা লিখতেন। ‘খেরোখাতার পাতা থেকে’ ও ‘মন খারাপের গাড়ী’ নামে তার দুটি বই প্রকাশিত হয়েছে।
তার স্ত্রী ও এক মেয়ে আছেন।
