২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খামার বাড়ির সেই গবেষণাগার ভাঙতে ‘বাধা নেই’

ঢাকার ফার্মগেইটে কৃষি গবেষণার স্মৃতি বিজড়িত ল্যাবরেটরি ভবন ভাঙার ওপর হাই কোর্ট যে নিষেধাজ্ঞা দিয়েছিল, তা স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2017, 03:27 PM

Updated : 11 Oct 2022, 02:49 PM

পুরনো খবর:

খামার বাড়ির ঐতিহ্যবাহী যে কোনো ভবন ভাঙায় নিষেধাজ্ঞা   
খামার বাড়ির গবেষণাগারটি ভাঙা বন্ধ করতে বলেছে হাই কোর্ট
ভেঙে ফেলা হচ্ছে কৃষি গবেষণার প্রথম ভবন

এর ফলে ওই ল্যাবরেটরি ভবন ভাঙতে আর কোনো বাধা থাকল না বলে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী জানিয়েছেন।

রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে অস্থায়ী প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারকের আপিল বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।

সেই সঙ্গে খামার বাড়িতে ভবন ভাঙার বিষয়ে হাই কোর্ট যে রুল দিয়েছিল, দ্রুত তার নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। 

রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। আর রিটকারীপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আশিক আল জলিল এবং এ এফ হাসান আরিফ।

আদেশের পর মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, “হাই কোর্টের আদেশ স্থগিত হয়ে যাওয়ায় ওই ভবন ভাঙতে আর কোনো বাধা নেই।”

বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে বাংলাদেশের কৃষিক্ষেত্রে যে বিপ্লব হয়েছে, ঢাকার ফার্মগেটের খামার বাড়িতে অবস্থিত সেই গবেষণার স্মৃতি বিজড়িত ল্যাবরেটরি ভবন ভাঙার উদ্যোগ নেওয়া হলে বিডিনিউজ টোয়েন্টিফোরে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

হেরিটেজ নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তইমুর ইসলাম ওই প্রতিবেদন আদালতের নজরে আনলে গত ২৭ অগাস্ট  হাই কোর্ট মৌখিক আদেশে ভাঙার কাজ পাঁচদিন বন্ধ রাখার আদেশ দেয়। ওই সময়ের মধ্যে সংশ্লিষ্ট আইনজীবীকে রিট আবেদন জমা দিতে বলা হয়।

এর ধারাবাহিকতায় ১ নভেম্বর রিট আবেদন হলে ওই ল্যাবরেটরি ভবনসহ খামার বাড়ি ক্যাম্পাসের ঐতিহ্য বহনকারী যে কোনো ভবন ভাঙায় নিষেধাজ্ঞা দেয় হাই কোর্ট।

যে ল্যাবরেটরি ভবনটি ভাঙা হচ্ছিল তা ভাঙা বা ধ্বংস করা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করা হয়।

ভাঙা ভবনটি পুনঃনির্মাণ করে আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ কেন দেওয়া হবে না এবং ঐতিহ্য বহনকারী ভবনের তালিকা প্রণয়ন করে তা সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয় রুলে।

কিন্তু রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করলে সোমবার আপিল বিভাগ হাই কের্টের আদেশ স্থগিত করে দেয়। সেই সঙ্গে হাই কোর্টের রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।