২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলপাটির ইউনেস্কোর স্বীকৃতিতে সংশ্লিষ্টদের মন্ত্রিসভার ধন্যবাদ

ইউনেস্কোর নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্যের (ইনটেনজিবল কালচারাল হেরিটেজ) তালিকায় বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী শীতলপাটির বয়নশিল্প ঠাঁই পাওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2017, 06:43 PM

Updated : 12 Apr 2022, 12:52 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই ধন্যবাদ জ্ঞাপন করা করা হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।

সচিবালয়ের এক ব্রিফিংয়ে তিনি বলেন, “সিলেটের ঐতিহ্যবাহী শীতল পাটিকে ইউনেস্কো বিশ্বের নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণার স্বীকৃতির বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন করা হলে মন্ত্রিসভা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে।”

ইউনেস্কোর নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণের জন্য আন্তঃরাষ্ট্রীয় কমিটি বুধবার শীতলপাটির বয়নপদ্ধতির স্বীকৃতির ঘোষণা দেয়।

দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে গত সোমবার থেকে শুরু হয়েছে ওই কমিটির বৈঠক, চলবে শনিবার পর্যন্ত। কমিটির আলোচ্যসূচির মধ্যে অন্যতম ছিল ২০১৭ সালের নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকা অনুমোদন।

বাংলাদেশের শীতলপাটির বয়নশিল্পের সঙ্গে ১৯টি দেশের ১৫টি নৈর্ব্যক্তিক সাংস্কৃতিক ঐতিহ্য সদ্য অনুমোদিত তালিকায় স্থান পেয়েছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয় জাদুঘর শীতলপাটির বয়নপদ্ধতির আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য কমিটির কাছে প্রস্তাব উত্থাপন করেছিল।

পুরনো খবর:

ইউনেস্কোর ঐতিহ্যের তালিকায় শীতলপাটি
ইউনেস্কোর তালিকায় ১৫ সাংস্কৃতিক ঐতিহ্য