২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মুক্তিযোদ্ধা ‘উল্কা খায়ের’

দুই সপ্তাহ চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মুক্তিযোদ্ধা আবুল খায়ের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 10:04 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

পুরনো খবর:

অসুস্থ মুক্তিযোদ্ধা ‘উল্কা খায়েরের’ পাশে সাংসদ মুক্তা

সোমবার দুপুরে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে চিকিৎসকের ছাড়পত্র পেয়ে বাড়িতে যান তিনি। এসময় তার পাশে ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুরজাহান বেগম মুক্তা ও মুক্তিযোদ্ধা আহমদ উল্লাহ রতনসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা।

৬৭ বছর বয়সী খায়ের হৃদরোগে ভুগছিলেন। ‘অসুস্থ মুক্তিযোদ্ধা আবুল খায়েরকে কে বা কারা রাস্তায় ফেলে গেছে’- এমন খবর পত্রিকায় দেখে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করান সংসদ সদস্য নুরজাহান বেগম মুক্তা।

সোমবার মুক্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়েছে। তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন এটাই আনন্দের।”

মুক্তিযুদ্ধের সময় সিলেট ও চাঁদপুরের শাহরাস্তি থানা এলাকায় যোদ্ধাদের কমান্ডার ছিলেন খায়ের। দুই নম্বর সেক্টরে তিনি খালেদ মোশাররফের নেতৃত্বে যুদ্ধ করেন।

সম্মুখ সমরে তড়িৎ গতির কারণে এ মুক্তিযোদ্ধা এলাকায় পরিচিতি পান ‘উল্কা খায়ের’ নামে। ব্যক্তিগত জীবনে অবিবাহিত খায়েরের বাড়ি চাঁদপুরেরের শাহরাস্তি এলাকায়। আর সংসদ সদস্য মুক্তার গ্রামের বাড়ি চাঁদপুরের হাজিগঞ্জে।