অসুস্থ মুক্তিযোদ্ধা ‘উল্কা খায়েরের’ পাশে সাংসদ মুক্তা
অসুস্থ মুক্তিযোদ্ধা আবুল খায়েরের পাশে দাঁড়িয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরজাহান বেগম মুক্তা।
একাত্তরে দুই নম্বর সেক্টরের গেরিলা যোদ্ধা আবুল খায়ের পরিচিত ‘উল্কা খায়ের’ নামে। ৬৭ বছর বয়সী খায়ের হৃদরোগে ভুগছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
‘অসুস্থ মুক্তিযোদ্ধা আবুল খায়েরকে কে বা কারা রাস্তায় ফেলে গেছে’- এমন একটি খবর বুধবার পত্রিকায় দেখে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করান সাংসদ মুক্তা।
শুক্রবার দুপুরে আবুল খায়েরকে দেখে এসে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনাকে যথাযথ সেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। জরুরি প্রয়োজনের জন্য ৫০ হাজার টাকা দিয়েছি তার হাতে।”
এই মুক্তিযোদ্ধার উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর কাছেও আবেদন করবেন বলে জানান মুক্তিযোদ্ধা আবু জাফর মো. মাঈনুদদিনের মেয়ে মুক্তা।
তিনি বলেন, অসুস্থ আবুল খায়েরকে সাভারের রাস্তায় পড়ে থাকতে দেখে কয়েকজন যুবক তাকে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র-সিআরপিতে ভর্তি করায়।
পরে সিআরপি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মুক্তা তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
সংরক্ষিত আসনের এই সাংসদ জানান, মুক্তিযুদ্ধের সময় সিলেট ও চাঁদপুরের শাহরাস্তি থানা এলাকায় যোদ্ধাদের কমান্ডার ছিলেন খায়ের। ২ নম্বর সেক্টরে তিনি খালেদ মোশাররফের নেতৃত্বে যুদ্ধ করেন।
সম্মুখ সমরে তড়িৎ গতির কারণে এ মুক্তিযোদ্ধা এলাকায় পরিচিতি পান ‘উল্কা খায়ের’ নামে।
ব্যক্তিগত জীবনে অবিবাহিত খায়েরের বাড়ি চাঁদপুরেরের শাহরাস্তি এলাকায়। আর সংসদ সদস্য মুক্তার গ্রামের বাড়ি চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলায়।
