প্রাথমিক সমাপনীর প্রশ্নও ফাঁস
জেএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে সমালোচনার মধ্যে প্রাথমিকের শিশুদের শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার প্রশ্নও ফাঁস হয়েছে, পরীক্ষার আগের রাতে প্রশ্ন-উত্তর পেতে অনেকের সময় কাটছে ফেইসবুকে।
সপ্তাহখানেক আগে শেষ হওয়া জেএসসির প্রায় সবকটি পরীক্ষার প্রশ্ন মিলেছে কয়েকটি ফেইসবুক গ্রুপ ও পেইজে। এখন পিইসির প্রশ্ন ও তার উত্তর তুলে দেওয়া হচ্ছে এসব গ্রুপ-পেইজে, যার কোনো কোনোটির সদস্য সংখ্যা অর্ধ লক্ষাধিক।
বুধবার সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত দেশজুড়ে একযোগে পিইসির ‘প্রাথমিক বিজ্ঞান’ পরীক্ষা হয়।
এই পরীক্ষার প্রশ্ন পেতে আগের দিন বিকাল থেকেই ফেইসবুক গ্রুপগুলোতে অনেককে পোস্ট ও কমেন্ট করতে দেখা যায়। রাতে ও সকালে এসব গ্রুপে প্রশ্ন ও উত্তর পোস্ট করা হয়। পরীক্ষা শেষে ঢাকা অঞ্চলের প্রশ্নের সঙ্গে তার মিল পাওয়া যায়।
এই ফেইসবুক গ্রুপের সদস্য সংখ্যা ৫৪ হাজার। জেএসসি পরীক্ষার প্রশ্ন-উত্তর আসার পর থেকে গ্রুপটিতে সদস্য সংখ্যা বাড়তে থাকে। পিইসি পরীক্ষা শুরুর পর ফের সদস্য বাড়তে দেখা গেছে। প্রশ্ন ফাঁসকারীদের মতো প্রশ্ন অনুসন্ধানে পোস্ট ও মন্তব্যকারীদের সংখ্যাও কম নয় এ গ্রুপে।
এদিকে ‘PSC JSC SSC HSC Exam Helping Center’ নামের একটি ফেইসবুক গ্রুপে ‘Tole Khan’ নামের একটি অ্যাকাউন্ট থেকে সকাল ১০টা ০১ মিনিটে দুটি প্রশ্নপত্র পোস্ট করা হয়। তার একটি হুবহু মিলে যায় ঢাকা অঞ্চলের প্রশ্নের সাথে। এ গ্রুপের সদস্য সংখ্যা ২২ হাজার।
দুটি ফেইসবুক গ্রুপেই বিনা টাকায় প্রশ্ন ফাঁস করা হয়েছে।
তবে প্রশ্ন ফাঁস না করার আহ্বান জানিয়ে ফেইসবুকে পোস্ট দিচ্ছেন অনেকে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রশ্ন ফাঁস চক্রের সদস্যদের আটকের খবর শেয়ার করছেন তারা।
