অন্ধকল্যাণ সংস্থার নেতা ইদ্রিস হত্যায় স্ত্রীসহ ২ জনের যাবজ্জীবন
অন্ধকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ব্যাপারি হত্যা মামলায় তার স্ত্রীসহ দুই জনকে যাবজ্জীবন এবং একজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
বুধবার বিকেলে ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ সাড়ে ছয় বছর আগের এই হত্যা মামলার রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ইদ্রিস আলীর পারভীন আক্তার ওরফে নাছিমা আক্তার এবং চুন্নু তালুকদার ওরফে চুন্নু সর্দার।
যাবজ্জীবনের পাশাপাশি দুই আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।
আর মো. রনি তালুকদার নামের এক আসামিকে সাত বছরের কারাদণ্ডের সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমান, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় সংগঠনটির দুই নেতা মো. আইয়ুব আলী হাওলাদার ও মিনহাজ উদ্দিনকে খালাস দিয়েছেন বিচারক।
রায়ের বিবরণে বলা হয়, সম্পত্তি বিক্রির টাকা ভাগ-বাটোয়ারা ও সংগঠনের নিজস্ব নির্বাচন ও ক্ষমতার দ্বন্দে ২০১১ সালের ৬ জুলাই বেলা আড়াইটার দিকে চকবাজারে জাতীয় অন্ধ কল্যাণ সংস্থার নীচতলার একটি রুমে ঘুমন্ত অবস্থায় ইদ্রিস আলীকে চাকু দিয়ে হত্যা করা হয়।
ওই ঘটনায় ইদ্রিস আলীর মেয়ে বিলকিস বেগম রাজধানীর চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে এই মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় ট্রাইব্যুনাল ১৭ জনের সাক্ষ্য নেয়।
