২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার অন্ধকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক খুন

অন্ধকল্যাণ সংস্থার মহাসচিব খুন হওয়ার ছয় মাসের মধ্যে সন্ত্রাসীদের ছুরিতে নিহত হলেন সমিতির সাংগঠনিক সম্পাদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 11:44 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্ধকল্যাণ সংস্থার মহাসচিব খুন হওয়ার ছয় মাসের মধ্যে সন্ত্রাসীদের ছুরিতে নিহত হলেন সমিতির সাংগঠনিক সম্পাদক। বুধবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর চকবাজারে সংস্থার অরফানেজ সড়কের কার্যালয়ে খুন হন সাংগঠনিক সম্পাদক ইদ্রিস ব্যাপারি (৫০)। সংস্থার চেয়ারম্যান মিনহাজ উদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, সংস্থার সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ইদ্রিসকে হত্যা করা হয়ে থাকতে পারে। এর আগে গত ১ জানুয়ারি রাজধানীর মিরপুরের ১ নম্বর জনতা হাউজিংয়ে সংস্থার মহাসচিব দৃষ্টি প্রতিবন্ধী এমকে খলিলুর রহমান (৪৫) সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। ইদ্রিসের স্ত্রী পারভিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চার পাঁচদিন আগে খলিলুর রহমানের লোকজন অন্ধকল্যাণ সংস্থায় এসে ইদ্রিসকে সেখান থেকে চলে যাওয়ার হুমকি দেয়। একই সঙ্গে খলিলকে হত্যার জন্য ইদ্রিসকে দায়ী করে তারা বলে যায়, লাশের বদলে লাশ পড়বে।" খলিলের লোকজনই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেন পারভিন। চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুল মোতালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৃত্যুর আগে ইদ্রিস পুলিশকে জানিয়েছেন, শুকুর আলি (২৬) নামে একজন কার্যালয়ে ঢুকে কিছু বুঝে ওঠার আগেই গলায় ছুরি চালিয়ে পালিয়ে যায়। আাহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেটি/আরএম/এএল/জেকে/১৭৩৪ ঘ.