ঢাবির হামলাকারী সাবেক ছাত্রের সনদ বাতিল
সলিমুল্লাহ মুসলিম হলের এক ছাত্রকে ছুরিকাঘাত করায় সাবেক ছাত্র মো আবু তালহার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সব সনদপত্র বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২০০৯-২০১০ শিক্ষাবর্ষে দর্শন বিভাগের সাবেক ছাত্র আবু তালহা সলিমুল্লাহ মুসলিম হলে ছিলেন।
গত ১০ অক্টোবর হলের মেসে খাবার বেশি করে নিতে বাধা দেওয়ায় পপুলেশন সায়েন্সেস বিভাগে অধ্যয়নরত ওমর ফারুককে ছুরিকাঘাত করে গুরুতরভাবে জখম করেন তালহা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী দর্শন বিভাগের প্রাক্তন ছাত্র আবু তালহা (অনার্স পরীক্ষা-২০১৩, রোল: ১৬১৩ এবং এমএ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার রোল-১৬১৩, রেজিস্ট্রেশন নম্বর-৫৮১৯, শিক্ষাবর্ষ-২০০৯-২০১০) এর ঢাকা বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত উভয় পরীক্ষার সনদপত্রসমূহ বাতিল করা হয়েছে।”
ওই ঘটনা নিয়ে সলিমুল্লাহ হল কর্তৃপক্ষের তদন্ত কমিটির সুপারিশের আলোকে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
