২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর দায়িত্ব মিয়ানমারের: যুক্তরাষ্ট্র

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা ‘মিয়ানমার সরকারের দায়িত্ব’ বলছে যুক্তরাষ্ট্র।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2017, 03:51 PM

Updated : 19 Aug 2022, 05:54 PM

রাখাইনে নিপীড়নের মুখে পালিয়ে আসা এই জনগোষ্ঠীকে ফিরিয়ে নেওয়ার প্রশ্নে দেরির জন্য মিয়ানমার বাংলাদেশকে দায়ী করার মধ্যে শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে একথা বলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী সিমন হেনশ।

বাংলাদেশ সফররত এক প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, উদ্বাস্তু ও অভিবাসন ব্যুরোর ভারপ্রাপ্ত এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “(রোহিঙ্গাদের) প্রত্যাবাসনের দায়-দায়িত্ব মিয়ানমার সরকারের। প্রক্রিয়া শুরুর দায় তাদের। মানুষগুলো যেন স্বেচ্ছায় ফিরতে পারে সেজন্য নিরাপদ ও সুরক্ষিত এলাকা দেওয়ার বিষয়টি তাদেরকেই নিশ্চিত করতে হবে।”

রাখাইন রাজ্যের গ্রামে গ্রামে নির্বিচারে হত্যা, জ্বালাও-পোড়াওয়ের মধ্যে গত ২৫ অগাস্ট থেকে ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নে আরও চার লাখ রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়ে আছে দীর্ঘদিন ধরে।

বাংলাদেশ বরাবরই বলে আসছে, মানবিক কারণে আপাতত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হলেও তাদের অবশ্যই মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে। এ সমস্যার পেছনে বাংলাদেশের কোনো ভূমিকা নেই; সমস্যার সৃষ্টি ও কেন্দ্রবিন্দু মিয়ানমারে, সমাধানও সেখানে নিহিত।

আন্তর্জাতিক মহলে সমালোচনার মধ্যে মিয়ানমার ১৯৯২ সালের প্রত্যাবাসন চুক্তির আওতায় দ্বিপক্ষীয় ব্যবস্থাপনায় রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা বলেছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যাবাসনে জাতিসংঘকে যুক্ত করাসহ কয়েকটি প্রস্তাব রাখা হয়।

বাংলাদেশের প্রস্তাবের কোনো জবাব না দিয়েই গত ৩১ অক্টোরব রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে দেরির জন্য উল্টো বাংলাদেশকে দোষারোপ করেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর সু চির দপ্তরের মহা পরিচালক জ তাই।

এর মধ্যে ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী সিমন হেনশর নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি মিয়ানমার সফরের পর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে দুইদিনের সফরে শুক্রবার বাংলাদেশে আসে।

Image
মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিবন্ধনের কাজ চলছে কক্সবাজারে (ফাইল ছবি)

মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিবন্ধনের কাজ চলছে কক্সবাজারে (ফাইল ছবি)

শনিবার সংবাদ সম্মেলনে এসে প্রতিনিধি দলের থাকা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নওয়ার্ট বলেন, এই অঞ্চলের রোহিঙ্গা সঙ্কট ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র প্রশাসনের ‘সর্বোচ্চ অগ্রাধিকারে’ রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আগামী ১৫ নভেম্বর মিয়ানমার সফর করবেন।

পরিস্থিতিকে ‘হৃদয় বিদারক’ বর্ণনা করে ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী সিমন হেনশ বলেন, মিয়ানমারে তাদের সফর ছিল ‘চোখ খুলে দেওয়ার’ মতো।

“এটা একটা জটিল সঙ্কট। মিয়ানমারে সফরে আমাদের কাছে সেটা স্পষ্ট হয়েছে।”

তিনি বলেন, মিয়ানমারে সামরিক শাসন থেকে বেসামরিক গণতন্ত্রে ফেরা, রাখাইনের সম্প্রদায়গুলোর পার্থক্য এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাখাইন রাজ্য সরকারের মধ্যে কিছু জটিলতা রয়েছে। এসবকিছু বিষয়টিকে খুব কঠিন করে তুলেছে।

রাখাইনে স্থিতিশীলতা এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারকে তাদের দায়িত্বের বিষয়টি ছাড়াও সহিংসতায় জড়িতদের তদন্তের মাধ্যমে খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার কথা সফরে দেশটির সরকারকে তারা বলেছেন বলে জানান সিমন হেনশ।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

রোহিঙ্গা প্রত্যাবাসন: উল্টো বাংলাদেশকে দুষছে মিয়ানমার
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কাজ করছে যুক্তরাষ্ট্র: বার্নিকাট
মিয়ানমার-বাংলাদেশে প্রতিনিধি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র