২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য সহজের উপায় খুঁজতে বললেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার

বাংলাদেশের সঙ্গে নিজের দেশের বন্ধুত্বের কথা উল্লেখ করে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সহজ কোর উপায় খোঁজার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার জুলিয়া নিবলেট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2017, 11:37 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক গোলটেবিল আলোচনায় যোগ দিয়ে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, “দুদেশের বাণিজ্য আরও সহজীকরণে উদ্যোগ নেওয়া দরকার। সেটা সরকার নয়, করতে হবে বেসরকারি খাতকে।

“সরকার নানা ধরনের ফ্রেমওয়ার্ক তৈরি ও নানান বাধা অপসারণে ভূমিকা রাখবে। বাণিজ্যিক সম্পর্ক কীভাবে আরও সহজ করা যায়, কর আরোপের বিভিন্ন দিক এবং বাণিজ্যের সুযোগ উন্মোচনে কাজ করবে বেসরকারি খাত।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ আয়োজিত দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস অ্যান্ড ইকোনমিক্স’ এর অংশ ছিল এ গোলটেবিল বৈঠক।

অনুষদের এএফ সভাকক্ষে ‘বাংলাদেশ-অস্ট্রেলিয়া বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালীকরণ: অংশীজনের ভূমিকা’শীর্ষক গোলটেবিলে বাংলাদেশে অস্ট্রেলিয়ার বাণিজ্যিক সুযোগ সৃষ্টি করতে বেসরকারি খাতকে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান হাই কমিশনার জুলিয়া।

তিনি বলেন, বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অস্ট্রেলিয়ার ব্যবসায়ীদের কাছে সেভাবে প্রকাশিত নয়। সে কারণে বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ীরা সেটাকে পরিচিত করানোর উদ্যোগ নিতে পারে। দুইদেশের মধ্যে ব্যবসায়িক সফর কিংবা প্রমোশনাল আয়োজন এক্ষেত্রে হতে পারে।  

বাংলাদেশের সঙ্গে তার দেশের বাণিজ্য বিস্তৃত হচ্ছে উল্লেখ করে সেটা ২০০৪ সালের ৪৩ মিলিয়ন ডলার থেকে বেড়ে গতবছর ৮০০ মিলিয়ন ডলার হওয়ার উদাহরণ টানেন হাই কমিশনার।

কেবল বাণিজ্য নয়, অন্য ক্ষেত্রে দুইদেশের ক্রমপ্রসারমান সম্পর্কের প্রসঙ্গ টেনে জুলিয়া বলেন, “রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ার খুব কার্যকর সহযোগিতা অব্যাহত রয়েছে। সঙ্কটের প্রথম দিন থেকে বাংলাদেশের জনগণের সদয় ব্যবস্থার সঙ্গে অস্ট্রেলিয়া রয়েছে। সম্প্রতি জেনেভায় ১০ মিলিয়ন ডলার সহায়তার আশ্বাস দিয়েছি আমরা। সেখানে ৩০ মিলিয়ন ডলারের সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।”

জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ তৈরি করার ক্ষেত্রেও নানা কার্যক্রম অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, “এটা মাইগ্রেশন ও শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে হয়ে থাকে। অনেকে আমাদের বৃত্তির আওতায় সেখানে পড়ছে।খেলাধুলার ক্ষেত্রেও বিশেষ করে আমাদের অংশদারিত্বে মিল রয়েছে।”

সরকারের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরx সহজীকরণের আশ্বাস দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, “বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের নীতিগুলো বেশ খোলামেলা। করের আওতা কমিয়ে ব্যবসায়ের সুযোগ সৃষ্টির উদ্যোগ আমরা নিয়ে থাকি।বাংলাদেশের বেসরকারি খাত এটাকে আরও প্রসারণের উদ্যোগ নিব।”

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক আতিউর রহমানের সঞ্চালনায় গোলটেবিলে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা বক্তব্য দেন।