ফের রিমান্ডে জামায়াত আমির মকবুল
প্রায় তিন বছর আগের মতিঝিল থানার নাশকতার এক মামলায় জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতের অনুমতি পেয়েছে পুলিশ।
সোমবার মামলার তদন্তকারী ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পূর্ব) এস আই আনোয়ারুল হক তাকে ঢাকার আদালতে হাজির করে ১০ দিনের হেফাজত চান।
অন্যদিকে হেফাজত বাতিল চেয়ে তার পক্ষে আবেদন করেন আইনজীবী মো. আব্দুর রাজ্জাক।
উভয় পক্ষের আবেদন শুনে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তিন দিনের হেফাজতের নেওয়ার আদেশ দেন বলে ওই আদালতের পুলিশের এস আই জালাল আহমেদ জানান।
মামলার এজাহারে বলা হয়, ২০১৫ সালের ৪ জানুয়ারি মতিঝিল এজিবি কলোনির বায়তুল মামুন জামে মসজিদের সামনের রাস্তায় পুলিশকে হত্যার উদ্দেশ্যে হাতবোমা ছোড়া।
মতিঝিল থানার এস আই সুমন কুমার নাথের দায়ের করা এই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও জামায়তের ৮১ জনকে আসামি করা হয়।
আসামির তালিকার ২৬ নম্বরে মকবুল আহমাদের নাম ছিল বলে তার আইনজীবী জানান।
এর আগে গত ৯ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে মকবুল আহমাদসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।
পরদিন কদমতলী থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় পাঁচ দিন এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের আরেক মামলায় আসামিদের ৫ দিনের হেফাজত মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে ২১ অক্টোবর তাদের কারাগারে পাঠানো হয়।
অপর আসামিরা হলেন- জামায়াতের সেক্রেটারি জেনারেল ড. শফিকুর রহমান, নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগর আমির মোহাম্মদ শাজাহান ও সেক্রেটারি নজরুল ইসলাম, দক্ষিণ জেলার আমির জাফর সাদেক এবং সেক্রেটারি জেনারেলের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম।
এর আগে একই মামলায় গত ৩০ সেপ্টেম্বর জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলসহ ১০ জনের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, গত ২৯ সেপ্টেম্বর রাতে কদমতলী থানাধীন বিক্রমপুর গার্ডেন সিটির ৪৪২/২ পূর্ব ধোলাইপাড়ের বাসার সপ্তম তলায় আসামিরা গোপন বৈঠকে মিলিত হয়। খবর পেয়ে পুলিশ উপস্থিত হলে অপর ১০ জন গ্রেপ্তার হলেও উক্ত আসামিরা পালিয়ে যায়।
তারা গোপনে মিলিত হয়ে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধনসহ দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি, অন্তঘাতমূলক কার্যসম্পাদন ও জালাও পোড়াও পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার জন্য একত্রিত হয়েছিল বলে সাক্ষ্য প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়।
ওই সময় ককটেল, প্রচুর জিহাদি বই, ২টি বড় ছুরি ও ৩টি চাপাতি উদ্ধার করে পুলিশ।
