হাই কোর্ট বিভাগের নতুন রেজিস্ট্রার গোলাম রব্বানী
নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. গোলাম রব্বানীকে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বিচার বিভাগের এই কর্মকর্তাকে দায়িত্ব পালনরত প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী প্রেষণে হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার নিয়োগে তার চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করে রোববার আদেশ জারি করেছে আইন ও বিচার বিভাগ।
পুনরাদেশ না দেওয়া পর্যন্ত হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রারের দায়িত্বে থাকবেন গোলাম রব্বানী।
গত ২২ অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, প্রধান বিচারপতির একান্ত সচিব আনিসুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তীসহ সুপ্রিম কোর্টে দায়িত্বপালনরত ১০ কর্মকর্তার সঙ্গে বদলি করা হয় হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার সৈয়দ দিলজার হোসেনকে।
দিলজার হোসেনকে বিশেষ জজ করে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। গোলাম রব্বানী সৈয়দ দিলজার হোসেনের স্থলাভিষিক্ত হলেন।
