বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে।
মঙ্গলবার ভারতের স্থানীয় সময় সকাল ১০টায় নয়া দিল্লীতে বিএসএফ সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয় বলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনের নেতৃত্বে ২৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নিয়েছে।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে বিজিবির সরাইল, যশোর, রংপুর ও চট্টগ্রাম রিজিয়নের সব বিজিয়নাল কমান্ডার, বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যৌথ নদী কমিশন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।
অপরদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী কে কে শর্মার নেতৃত্বে ২৬ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিচ্ছে।
এবারের সম্মেলনে সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশিদের গুলি, হত্যা ও আহত করা, নিরীহ বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার বা আটক করা, সীমান্ত লঙ্ঘন বা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য ছাড়াও ফেনসিডিল, মদ, গাঁজা, ইয়াবা, ভায়াগ্রা-সেনেগ্রা ইত্যাদির চোরাচালানসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হবে।
এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় মোবাইল নেটওয়ার্ক কভারেজ, উভয় দেশের সীমান্ত নদীসমূহের তীর সংরক্ষণসহ পারস্পরিক আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে।
সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক ও নির্মাণ এবং পারস্পরিক আস্থা বাড়াতে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ অক্টোবর সম্মেলনের যৌথ আলোচনার দলিল (জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন্স-জেআরডি) স্বাক্ষরিত হবে।
পারস্পরিক সুসম্পর্ক জোরদার ও সৌহার্দ বাড়ানোর অংশ হিসেবে সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধিদল ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবে।
সম্মেলন শেষে প্রতিনিধি দলটি আগামী ৭ অক্টোবর কলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে।
